‘খুন’ নিয়ে গান গাওয়ার পরই গুলিতে নিহত গায়ক

ভারতের উত্তরপ্রদেশের শামলী জেলায় গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক, অভিনেতা ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান (৩৫)। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় একটি জিম থেকে বের হওয়ার সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শামলীর সিটি কোতোয়ালি এলাকার একটি জিম থেকে সন্ধ্যা ৭টার দিকে বের হন অঙ্কিত। এরপর গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় তিন থেকে চারজন হামলাকারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। বিভিন্ন প্রতিবেদনে হামলায় প্রায় ১৮ থেকে ২০ রাউন্ড গুলি চালানোর কথা বলা হয়েছে। পরে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
অঙ্কিতকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শামলী পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পুরোনো বিরোধ, ব্যক্তিগত শত্রুতা এবং অন্যান্য সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
হত্যাকাণ্ডের পর সামাজিকমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে কুখ্যাত ‘গোগী গ্যাং’-এর পক্ষ থেকে অঙ্কিতকে হত্যার দায় স্বীকারের দাবি করা হয়েছে। পোস্টটি ভোলু শাহপুরিয়া নামের এক ব্যক্তির সঙ্গে যুক্ত বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ওই পোস্টে দাবি করা হয়, গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে হত্যার ঘটনা নিয়ে অঙ্কিত একটি গান তৈরি করেছিলেন। সেই পুরোনো বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে পোস্টে দাবি করা হয়েছে। তবে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টটি সত্যিই গোগী গ্যাংয়ের কি না এবং এর সঙ্গে অঙ্কিত হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
শামলীর পুলিশ জানিয়েছে, পোস্টটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি সম্ভাব্য পুরোনো বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত গোগী গ্যাংয়ের সম্পৃক্ততা নিশ্চিত হয়নি।
অঙ্কিতের মৃত্যুর পর তার সর্বশেষ ইনস্টাগ্রাম রিল নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে পোস্ট করা ওই ভিডিওতে নিজের নতুন গান ‘বেবি বদমাশ’-এর কয়েকটি লাইন গাইতে দেখা যায় তাকে। গানটির কথায় ‘মার্ডার’ বা হত্যার প্রসঙ্গ থাকায় ভিডিওটি তার মৃত্যুর পর নতুন করে ভাইরাল হয়েছে।
ভিডিওতে থাকা গানের একটি লাইনের অর্থ দাঁড়ায়-‘রাস্তায় খুন করে দাও’। এই ঘটনার সঙ্গে অঙ্কিতের হত্যাকাণ্ডের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীরা হত্যার প্রকৃত কারণ ও হামলাকারীদের শনাক্ত করার দিকেই গুরুত্ব দিচ্ছেন।
অঙ্কিত মূলত শামলীর বান্তিখেরা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে হরিয়ানার রোহতক ও সোনিপতে থেকে সংগীতাঙ্গনে কাজ করছিলেন। ‘ভারি কোর্ট মে গুলি’সহ বেশ কয়েকটি গানের মাধ্যমে হরিয়ানভি সংগীতে পরিচিতি পান তিনি। ইউটিউবেও তার তিন লাখের বেশি অনুসারী ছিল। পাশাপাশি আসন্ন জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
অঙ্কিত হত্যার প্রতিবাদে তার পরিবার ও সমর্থকেরা শামলীতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা ক্ষোভ প্রকাশ করেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এএনআই।


