নিজের গাড়িতে রূপমকে পুরো ঢাকা ঘোরাতে চেয়েছিলেন জেমস

ব্যান্ড নগর বাউল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সেখানে দুটি কনসার্ট করবে তারা। এরমধ্যে সিডনির মঞ্চে ১২ সেপ্টেম্বর একসঙ্গে পারফর্ম করতে যাচ্ছেন নগরবাউল জেমস ও কলকাতার ব্যান্ড ফসিলস-এর রূপম ইসলাম। বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সফরে আমরা এখন অস্ট্রেলিয়ায় আছি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে একটি কনসার্ট করব। এতে নগর বাউল ছাড়াও মঞ্চ মাতাবে কলকাতার ফসিলস।’ কনসার্টে যোগ দিতে ইতিমধ্যে সিডনিতে এসে পৌঁছেছেন জেমস ও রূপম।
জেমসের সঙ্গে কনসার্ট নিয়ে রূপম বলেন, ‘জেমস হলেন আমাদের মহাগুরু। যার গান শুনে আমাদের বড় হওয়া। তাই তার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়াটি আমাদের জন্য সৌভাগ্যের।’ এসময় রূপম আরও বলেন, ‘‘গুরুর সঙ্গে আমার প্রথম দেখা হয় ২০০৭ সালে। এরপর ২০১১ সালে ঢাকায় আমরা একটি কনসার্ট করি। সেখানে তার সঙ্গে আমার কথা হয়। তখন জেমস ভাই আমাকে তার নিজের গাড়িতে পুরো ঢাকা ঘোরাতে চেয়েছিলেন। ভাইয়ের সময় হয়নি তাই আর ঘোরাও হয়নি। তবে তার সঙ্গে দেখা হওয়াটিই আনন্দের।’
এরপর রূপমের এমন ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়ে জেমস বলেন, ‘রূপমের সঙ্গে অনেকবার দেখা হলেও খুব বেশি আড্ডার সুযোগ হয়নি। এবার হবে, আমরা একসঙ্গে সিডনিতে কনসার্ট করব। সবাই আসুন, বাংলা গানের সঙ্গে দারুণ সময় উপভোগ করুন।’
১২ তারিখ সিডনি কনসার্ট শেষে জেমস তার দল নিয়ে ২০ তারিখ মেলবোর্নে কনসার্ট করবে। তারপর দেশে ফিরবে তারা।

