করাচিতে ভয়াবহ হামলায়ও কনসার্ট চালিয়ে যান সোনু নিগম

পাকিস্তানের করাচি শহরে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছিলেন ভারতীয় গায়ক সোনু নিগম। ২০০৪ সালে তিনি করাচি গিয়েছিলেন কনসার্ট করতে। এ সময় অনুষ্ঠানস্থলের আশপাশে ভয়ংকর সন্ত্রাসী হামলা হয়। বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। সোনু নিগমের জীবনে ঘটে যাওয়া এক হাড় হিম করা ঘটনা সামাজিকমাধ্যমে ফের ছড়িয়ে পড়েছে। ২০০৪ সালের করাচি কনসার্টের সেই ভয়াবহ স্মৃতি নেটদুনিয়ায় এখন ভাইরাল হয়েছে। ২০ বছর আগের সেই ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ফুটে উঠেছে সন্ত্রাসবাদের বিভীষিকা এবং মানবিকতার এক অনন্য নিদর্শন।
ওই সময় করাচিতে কনসার্টে বিস্ফোরণের স্মৃতিচারণ করতে গিয়ে ঘটনাটিকে অত্যন্ত 'ভীতিকর অভিজ্ঞতা' হিসেবে বর্ণনা করেছেন সোনু নিগম। তবে এও জানান, আয়োজকরা তাকে সুরক্ষিত রেখেছিলেন এবং অনুষ্ঠানটি বন্ধ করেননি, কনসার্ট শেষ করেই তিনি ফিরেছিলেন।
ভাইরাল হওয়া সেই পুরোনো ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে মঞ্চে গাইছেন সোনু। চারদিকে দর্শকদের উন্মাদনা। কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। বিস্ফোরণ ঘটে। চারদিকে কান্নার রোল আর ধোঁয়ায় ঢেকে যায় সব। সেই মুহূর্তে এক পাকিস্তানি ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সোনুকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। সোনুর কথায়, ‘সেদিন যদি সে মানুষটি এগিয়ে না এলে হয়তো আজকের দিনটা আমি দেখতে পেতাম না।’
কনসার্টে বিস্ফোরণের জেরে চারদিকে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলে বেশ কয়েকজন হতাহত হন। সোনু নিগমের কথায়, আয়োজক এবং স্থানীয় প্রশাসনের তৎপরতার কারণেই তিনি নিরাপদে মঞ্চে পৌঁছাতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার ওপর হামলা হয়েছিল ঠিকই, কিন্তু সেদিন একজন পাকিস্তানিই আমার প্রাণ বাঁচিয়েছিলেন।’
ভারত ও পাকিস্তানের বৈরী দ্বিপক্ষীয় সম্পর্কের এক বিরল ও ইতিবাচক অধ্যায়ের সূচনা করতে আয়োজন হয়েছিল ২০০৪ সালের সে কনসার্টটি। কারগিল যুদ্ধসহ সীমান্তের দীর্ঘস্থায়ী তিক্ততা কাটিয়ে তখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বরফ গলতে শুরু করে। তখন সোনু নিগম জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছিলেন এবং 'তুমসে মিলকে দিল কা হ্যায় জো হাল'-এর মতো তার কালজয়ী গানগুলো দুই দেশের সীমানা পেরিয়ে শ্রোতাদের মনে একইভাবে জায়গা করে নিয়েছিল।