প্রেম, বিরহ ও দেহতত্ত্ব নিয়ে তরুনের একক অ্যালবাম

সংগীতের সঙ্গে নিজেকে কয়েক দশক ধরে জড়িয়ে রেখেছেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক তরুন মুন্সী। সেই নব্বই দশক থেকে গানের সঙ্গে সম্পর্ক তার। দীর্ঘ এই সময়ে শ্রোতাদের উপহার দিয়েছেন অংসখ্য জনপ্রিয় সব গান। এবার নিজের কণ্ঠ, সুর ও কথায় একটি বিশেষ একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। যা প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।
নিজের নতুন এই প্রোজেক্ট নিয়ে তরুন মুন্সী বলেন, ‘সংগীত ইন্ডাস্ট্রিতে এখন অনেক পরিবর্তন এসেছে। সেই জায়গা থেকে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ দাদা আমাকে একসঙ্গে একাধিক গান নিয়ে একটি অ্যালবাম করার প্রস্তাব দেন। তার এমন প্রস্তাব পেয়ে সম্পূর্ণ একক চেষ্টায় আমি কাজ শুরু করি। এ ছাড়া একক গান দিয়ে অনেক সময় কাজের ভার্সাট্যালিটি বা বৈচিত্র্য পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হয় না। অ্যালবামে নিজের মনের মতো করে লিরিক্স ও কম্পোজিশনে নানা এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে। এ সময়ে এমন প্রস্তাব পাওয়া দারুণ ব্যাপার।’
তরুন মুন্সির এই অ্যালবামে মোট সাতটি গান থাকছে। যার মধ্যে প্রেম, বিরহ, প্রকৃতির গল্প যেমন আছে, তেমনই আছে মানবজীবন, দেহতত্ত্ব ও সমাজ ভাবনার কথা।
নিজের গানগুলো নিয়ে এই শিল্পীর প্রত্যাশার শেষ নেই। সবকিছু ঠিক থাকলে অক্টোবরেই ধ্রুব মিউজিক স্টেশন থেকে অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের হাতে পৌঁছে দেওয়ার ইচ্ছা আছে বলে জানান তরুন।

