logo

পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের নতুন গান ‘অশ্রু’

পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের নতুন গান ‘অশ্রু’
সংগীতশিল্পী ফাহিম ইসলাম। ছবি: শিল্পীর সৌজন্যে

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। এবারের গানের শিরোনাম ‘অশ্রু’। গানটির বিশেষত্ব হলো, এর সুর করেছেন ফাহিম নিজেই। শুধু কণ্ঠ দেওয়াই নয়, গানটিতে গিটারও বাজিয়েছেন তিনি। কথা লিখেছেন সিমন এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

তবে একেবারে নতুন কোনো গান নয়, প্রায় দুই দশক আগের স্মৃতি জড়িয়ে আছে ‘অশ্রু’র সঙ্গে। ২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলেন ফাহিম। তখন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এত বছর পর সেই গানটিই নতুন করে সংগীতায়োজন করে প্রকাশ করলেন এই শিল্পী।

গানটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর নতুন করে গানটি তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে। গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফাহিম ইসলামের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে। ইউটিউবের পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক ও ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে প্রকাশিত হয় তার আরও দুটি একক অ্যালবাম। এ ছাড়া প্রায় ২০টি একক গান প্রকাশ করেছেন তিনি।

সংগীতশিল্পী পরিচয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত ফাহিম। দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধারও তিনি।