logo

বিয়ের ৬ মাসেই বাবা হলেন জুবিন নটিয়াল

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বিয়ের ৬ মাসেই বাবা হলেন জুবিন নটিয়াল
জুবিন নটিয়াল। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

বিয়ের কয়েক মাসের মধ্যেই বাবা হওয়ার সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিনে পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই গায়ক।

সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জুবিন নিজেই বাবা হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি এখন বাবা! গত ১৪ সেপ্টেম্বর, অত্যন্ত শুভ গণেশ চতুর্থীর দিনে আমাদের ছেলের জন্ম হয়েছে। মা ও সন্তান বাড়ি ফিরেছে। তারা দুজনেই ভালো আছে।’

সন্তানের নাম কী রাখা হয়েছে- এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন জুবিন। আপাতত ছেলের কোনো নাম ঠিক করা হয়নি বলে জানান তিনি। তার ভাষায়, এখন নাম নিয়ে ভাবার চেয়ে নবজাতককে ঘিরে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই বেশি ব্যস্ত তারা।

এর আগে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে শৈশবের বান্ধবীকে বিয়ে করেন জুবিন নটিয়াল। হিমাচলের গাড়োয়ালি রীতি মেনে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই গায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

বিয়েটিও বেশ ব্যক্তিগত রেখেছিলেন জুবিন। বলিউডের তারকাখচিত কোনো আয়োজন ছিল না সেখানে। এমনকি স্ত্রীর নাম কিংবা মুখও প্রকাশ্যে আনেননি তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থাকতে পছন্দ করেন এই সংগীতশিল্পী।

অন্যদিকে, সংগীতজগতে জুবিন নটিয়ালের পরিচিতি বেশ দীর্ঘদিনের। শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’ সিনেমার ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গানটি তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান। এ ছাড়া ‘লুট গায়ে’, ‘হামনাভা মেরে’, ‘সমান্দার মে’সহ বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে।

বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত জুবিন। শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

বাবা হওয়ার পর আপাতত ছেলেকে ঘিরেই সময় কাটাচ্ছেন জুবিন। তবে কাজও থেমে নেই। চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যে তার একটি সংগীত সফর রয়েছে বলে জানিয়েছে বম্বে টাইমস।

সূত্র: বম্বে টাইমস