অর্ণবের কনসার্টে টিকিট কিনেও বসার জায়গা না পেয়ে দর্শকদের ক্ষোভ

দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজন, মঞ্চে শায়ান চৌধুরী অর্ণবসহ একাধিক শিল্পীর সংগীত পরিবেশনা। প্রিয় অ্যালবামের গান সরাসরি শোনার আশায় টিকিট কেটে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাজির হয়েছিলেন দর্শকরা। তবে কনসার্ট দেখতে গিয়ে প্রত্যাশার বদলে অব্যবস্থাপনা, সাউন্ড সিস্টেমের ত্রুটি ও বসার জায়গা না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দর্শকদের অসন্তোষের চিত্র দেখা গেছে। কোনো কোনো দর্শককে আয়োজকদের উদ্দেশে দুয়োধ্বনি দিতেও দেখা যায়। কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিজ কমিউনিকেশনস।
এক দর্শক সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, জনপ্রতি ২ হাজার টাকা দিয়ে ছয়টি টিকিট কিনেছিলেন তারা। ছয়জন মিলে কনসার্ট দেখতে গেলেও শেষ পর্যন্ত বসার জায়গা পাননি। পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে দাঁড়িয়ে গান শুনতে হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
কনসার্ট শুরুর আগমুহূর্তের একটি ছবিতেও দেখা যায়, হলের ভেতরে বসার জন্য পর্যাপ্ত চেয়ার নেই। অনেক দর্শককে মেঝেতে বসে থাকতে দেখা যায়। সামনের দিকে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।
শুধু বসার ব্যবস্থা নয়, কনসার্টের শব্দ নিয়েও অভিযোগ করেছেন দর্শকরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে সাউন্ড সিস্টেমের মান নিয়ে অসন্তোষ জানাতে দেখা যায়। তাদের অভিযোগ, স্পিকার ঠিকমতো কাজ না করায় গান স্পষ্ট শোনা যাচ্ছিল না। এমনকি কোন গান পরিবেশন করা হচ্ছে কিংবা কে গান গাইছেন, সেটিও বুঝতে সমস্যা হচ্ছিল।
আরেকটি ভিডিওতে আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দর্শকদের দুয়োধ্বনি দিতে দেখা যায়। সব মিলিয়ে অর্ণবের বিশেষ এই কনসার্টের সংগীত আয়োজনের পাশাপাশি দর্শক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
২০০৬ সালে প্রকাশিত হয় শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় একক অ্যালবাম ‘হোক কলরব’। প্রকাশের দুই দশক পূর্তি উপলক্ষে অ্যালবামটির গান নিয়ে বিশেষ এই কনসার্টের আয়োজন করা হয়। শুরুতে গত ২০ নভেম্বর অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শিল্পীর ব্যক্তিগত জীবনের জরুরি পরিস্থিতির কারণে তা পিছিয়ে ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়।
কনসার্টে অর্ণবের পাশাপাশি সংগীত পরিবেশনার কথা ছিল আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েকের। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল।
