শিক্ষক বিউটি পালের রিলে কোনো নেতিবাচকতা নেই: মেজবাহ রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষক বিউটি পালের রিল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তৈরি হওয়া বিতর্কে কথা বলেছেন জনপ্রিয় ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’-এর প্রধান ভোকাল ও গানটির মূল শিল্পী মেজবাহ রহমান। ওই বিতর্কের বিষয়টিকে ‘অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দিয়ে তিনি শিক্ষক বিউটি পালের পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি শ্রাবণের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা’—গানটির সুর ও ছন্দে একটি রিল তৈরি করেন শিক্ষক বিউটি পাল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্য শিক্ষকরা বিউটি পালের সমর্থনে এগিয়ে আসেন এবং ভিডিও বানিয়ে সহকর্মীর প্রতি সংহতি জানান।
এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেন গানটির শিল্পী মেজবাহ রহমান। তিনি বলেন, ‘১৯৮৯ সালে গানটি তৈরি করি এবং ১৯৯০ সালে তা প্রকাশ পায়। ৩৬ বছর পরও এই গানের আবেদন একটুও কমেনি। এটি চিরন্তন বৃষ্টির ও বর্ষার গান। সাম্প্রতিক সময়ে এই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যা আমার কাছে এক ভিন্ন অনুভূতি।’
শিক্ষককে ঘিরে চলা বিতর্কের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মেজবাহ রহমান আরও বলেন, ‘শিক্ষকদের আমরা সবসময়ই বাবা-মায়ের আসনে বসাই। শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষকদের কিছু নিয়ম মেনে চলতে হয়, তা সত্যি। তবে এই রিল ভিডিওটি নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তা মোটেও কাম্য নয়। ব্যক্তিগতভাবে আমার কাছে এতে নেতিবাচক কিছুই মনে হয়নি। একদল লোক এতে কী ধরনের অনৈতিক বিষয় খুঁজে পেল, তা আমার বোধগম্য নয়।’
.png)





