হানি সিংয়ের কনসার্টে চরম বিশৃঙ্খলা

‘ইয়ো ইয়ো হানি সং’—বলিউডসহ ভারতীয় সংগীত ও বিনোদন জগতে অন্যতম চর্চিত একটি নাম। পপ সংগীতকে ভারতে বিপুল জনপ্রিয়তায় পৌঁছে দিতে তার অবদান অনস্বীকার্য। হানি সিংয়ের কনসার্ট উপভোগে মানুষের আগ্রহ সব সময়ই তীব্র থাকে। এই র্যাপারের ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে আয়োজিত কনসার্টে মুম্বাইয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ব্যাপক গণ্ডগোল হয় এক নারী ভক্তের। এতে অনুষ্ঠানটি পণ্ড হওয়ার শঙ্কা দেখা দেয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই নারী নিরাপত্তারক্ষীদের গালাগাল করেন। তার উগ্র আচরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে চলছে জোর চর্চা। এর মধ্যে আবার দেখা দিয়েছে অন্য বিতর্ক। অবৈধ লেজার লাইট ব্যবহার এবং ভিড় নিয়ন্ত্রণে গুরুতর ত্রুটির অভিযোগে আয়োজকদের বিরুদ্ধে করা হয়েছে এফআইআর।
মুম্বাই পুলিশ জানায়, গত ২৮ মার্চ এমএমআরডিএ গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই কনসার্টে আয়োজকরা নিষিদ্ধ এলাকায় লেজার লাইট ব্যবহার করেছিল। অনুষ্ঠানস্থল বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় সেখানে এমন আলো ব্যবহার করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং নিয়মবিরুদ্ধ। আয়োজকরা প্রথমে পুলিশকে জানিয়েছিল ১২ হাজার মানুষের উপস্থিতির কথা। কিন্তু সেখানে ২০ হাজারের বেশি দর্শকের সমাগম হয়। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণে চাপ তৈরি হয়। দেখা দেয় চরম বিশৃঙ্খলা।
আগামী ৯ মে ভোট-পরবর্তী কলকাতায় অনুষ্ঠান করবেন গায়ক-র্যাপার। আগামী ১৬ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করবেন হানি সিং।