৪৮ ঘণ্টায় ঢাকায় কনসার্ট করবে পাকিস্তানের চার ব্যান্ড

নিরাপত্তাজনিত কারণে গত বছর কয়েকটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়, যার বেশির ভাগ আয়োজনই ছিল পাকিস্তানি শিল্পীদের নিয়ে। এর মধ্যে ‘কাভিশ’ ব্যান্ড বাংলাদেশে এসেও গান না গেয়ে ফিরে যেতে বাধ্য হয়। অন্যদিকে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামের একটি কনসার্ট একদম শেষ মুহূর্তে এসে বাতিল করতে হয় আয়োজকদের, যেখানে মূল আকর্ষণ হিসেবে ছিল বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ‘নগর বাউল’ ও পাকিস্তানি শিল্পী আলী আজমত।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’-এর আয়োজনে ‘মাহাক্স রিপাবলিক’ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে এক মঞ্চে গান পরিবেশন করবে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড—‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘ফিচারিং রক্সেন’। জানা গেছে, পাকিস্তানের এই জনপ্রিয় তিন ব্যান্ড প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতাতে যাচ্ছে। তাদের সঙ্গে কনসার্টে থাকবে বাংলাদেশের চারটি ব্যান্ড: ‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)। আয়োজকরা নিশ্চিত করেছেন যে, কনসার্টের সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এই কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে চার ধাপে—রেগুলার ১ হাজার ৪৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা, ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা এবং ‘মিট অ্যান্ড গ্রিট’ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা।

এদিকে, এই কনসার্টের পরদিনই বাংলাদেশে পারফর্ম করবে পাকিস্তানের আরেকটি জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। কনসার্টটি অনুষ্ঠিত হবে পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ। এর সাধারণ টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই আয়োজনে বাংলাদেশের ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ ব্যান্ডও পারফর্ম করবে। এই কনসার্টটিও নিরাপত্তাজনিত কারণে গত বছরের ডিসেম্বরে বাতিল করা হয়েছিল।