আইসক্রিম ছাড়া বাংলাদেশের ঝাল খাবার খেতে পারি না: ওটিলিয়া

বাংলাদেশের খাবারের স্বাদ বেশ পছন্দ হয়েছে রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার। তবে ঝাল খাবার নিয়ে কিছুটা বিপাকেই পড়তে হচ্ছে তাকে। তার ভাষায়, বাংলাদেশের খাবার তার কাছে বেশ সুস্বাদু হলেও এখানকার ঝাল তার পাকস্থলীর জন্য একটু বেশিই। এমনকি আইসক্রিম ছাড়া অনেক খাবার খেতেও কষ্ট হয়। তবে খাবারের স্বাদ নিয়ে কোনো অভিযোগ নেই এই গায়িকার।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসে ঢাকার গুলশানের রেনেসাঁস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী।
বাংলাদেশে আসার আগে অনেকেই তাকে এখানে আসা নিয়ে নিরুৎসাহিত করেছিলেন বলে জানান ওটিলিয়া। তবে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। ওটিলিয়া বলেন, ‘আমি জানি, বাংলাদেশে আমার অনেক ভক্ত রয়েছেন। অনেকেই আমাকে বলেছেন, তুমি কি পাগল? বাংলাদেশে কেন যাচ্ছ? কিন্তু এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। ভক্তদের সঙ্গে দেখা করতে এবং তাদের সঙ্গে গান গাইতে পারব, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তাদের জন্য অনেক দূর থেকে, অনেক ঘণ্টা ভ্রমণ করে আমি এসেছি- এটি আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে।’
আগামীকালের কনসার্ট নিয়ে বেশ আশাবাদী এই গায়িকা। তার ভাষায়, এবারের আয়োজন গতবারের চেয়ে আলাদা হবে। দর্শকদের জন্য থাকছে বিশেষ চমকও। তিনি বলেন, ‘আগামীকালের অনুষ্ঠানে অবশ্যই কিছু চমক থাকবে। এটি দারুণ একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা অনেক মজা করব, নাচব। আমার মধ্যে যত ভালোবাসা আছে, সবটুকু দর্শকদের দেব। তাদের ভালোবাসাও গ্রহণ করব। আমি মনে করি, এটি হবে ভালোবাসা ও ইতিবাচক শক্তির দারুণ এক বিনিময়।’
আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া তার গান ‘বিলিওনেরা’ দিয়েই সাধারণত প্রতিটি কনসার্ট শুরু করেন ওটিলিয়া। গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সবসময় বিলিওনেরা দিয়েই শো শুরু করি। কারণ, সারা পৃথিবীর মানুষ গানটি চেনে এবং এটি বিভিন্ন জায়গায় দারুণ জনপ্রিয়। শ্রোতারা গানটিকে অনেক ভালোবাসেন। এমনও হয়েছে, কোনো কোনো অনুষ্ঠানে দর্শকরা আমাকে গানটি দুই-তিনবার গাওয়ার অনুরোধ করেছেন।’
তবে জনপ্রিয় এই গানটিই তার সবচেয়ে প্রিয় নয়। নিজের পছন্দের গান হিসেবে ‘দিয়ামানতে’র নাম উল্লেখ করেন তিনি। ওটিলিয়ার কথায়, ‘বিলিওনেরা অনেক জনপ্রিয় হলেও কখনোই এটি আমার প্রিয় গান ছিল না। আমার সবচেয়ে প্রিয় গান দিয়ামানতে। ইউরোপের বিভিন্ন জায়গায় গানটি বেশ জনপ্রিয়। তবে মানুষ আমাকে সবচেয়ে বেশি চেনে বিলিওনেরা দিয়েই।’
জনপ্রিয়তার কারণে অনেকেই তাকে ‘বিলিওনেরেরা’র গায়িকা হিসেবে চেনেন। কিন্তু সবসময় পরিচিত মুখ হয়ে থাকতে চান না ওটিলিয়া। বরং মাঝেমধ্যে নিজের পরিচয় আড়ালে রাখতেই পছন্দ করেন। তিনি বলেন, ‘আমি চাই না মানুষ আমাকে দেখেই সহজে চিনে ফেলুক। বরং কেউ আমাকে দেখে বলুক, তোমাকে ওটিলিয়ার মতো দেখতে। তখন আমি বলব, হ্যাঁ, অনেকেই এমনটা বলেন। আমি নিজেকে শিল্পী বা বিখ্যাত মানুষ হিসেবে পরিচয় দিতে চাই না। কিছুটা অপরিচিত থাকতেই আমার ভালো লাগে।’
সংগীতের ভাষা নয়, বরং গানের অনুভূতিই শ্রোতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই শিল্পী। তিনি জানান, তিনি নিজে রোমানিয়ান এবং রোমানিয়ান ভাষায় কথা বলেন। কিন্তু তার বিশ্বজুড়ে পরিচিত গান ‘বিলিওনেরেরা’ ইংরেজি ও স্প্যানিশ ভাষার সংমিশ্রণে তৈরি। এমনকি যারা এই দুই ভাষার কোনোটিই বোঝেন না, তারাও গানটি উপভোগ করেন। ওটিলিয়ার মতে, কোন ভাষায় গান গাওয়া হচ্ছে, সেটি বড় বিষয় নয়; বরং গানটি শ্রোতার মনে কী অনুভূতি তৈরি করছে, সেটিই আসল। যেকোনো ভাষার গানও বিশ্বজুড়ে জনপ্রিয় হতে পারে।
গানের মাধ্যমে মানুষের মনে আনন্দ ছড়িয়ে দিতে চান ওটিলিয়া। তার দাবি, শ্রোতারা প্রায়ই তাকে জানান, তার গান শুনে তাদের মন ভালো হয়ে যায়, হতাশা কেটে যায়। এমন প্রতিক্রিয়া তাকে আরও অনুপ্রাণিত করে। তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে সবসময় এনার্জি ও আনন্দ ছড়িয়ে দিতে ভালোবাসে। যারা আমার গান শোনেন, তারা নিয়মিত আমাকে বার্তা দিয়ে জানান, আমার গান তাদের মন ভালো করে দিয়েছে। আমি তাদের আরও আনন্দ দিতে চাই। প্রতিটি কনসার্টে দর্শক-শ্রোতাদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে চাই।’
বাংলাদেশে আগের সফরের স্মৃতিও রয়েছে তার কাছে বেশ প্রিয়। গতবার মায়ের সঙ্গে এসে বাংলাদেশি শাড়ি পরেছিলেন ওটিলিয়া। সেই শাড়িগুলো এখনও স্মৃতি হিসেবে নিজের সংগ্রহে রেখেছেন। এবারও নতুন শাড়ি পরার ইচ্ছা রয়েছে তার। আয়োজকদের কাছে নতুন শাড়ির আবদারও করেছেন তিনি। ওটিলিয়ার ভাষায়, ‘গতবার মায়ের সঙ্গে এসে বাংলাদেশি শাড়ি পরেছিলাম। সেগুলো এখনও আমার কাছে স্মৃতি হিসেবে রয়েছে। শাড়িগুলো খুব সুন্দর। আমার শাড়ি ভীষণ পছন্দ। তবে রোমানিয়ায় এখন তুষারপাত হচ্ছে, তাই সেখানে শাড়ি পরার সুযোগ নেই। এবারও আয়োজকদের নতুন শাড়ির জন্য অনুরোধ করেছি।’
এবারের সফরে শুধু হোটেল আর অনুষ্ঠানস্থলে সীমাবদ্ধ থাকতে চান না এই গায়িকা। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন কাছ থেকে দেখতে চান। বিশেষ করে স্ট্রিট ফুডের স্বাদ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ওটিলিয়া বলেন, ‘আমি বিলাসী জীবনযাপন পছন্দ করি না। কোথাও গেলে সেখানকার ঐতিহ্যবাহী খাবার ও স্ট্রিট ফুড খেতে ভালোবাসি। মানুষের সঙ্গে হাঁটতে, তারা কী খায়, কী পরে এবং কীভাবে জীবনযাপন করে, তা দেখতে আমার ভালো লাগে। এবার হোটেলে আটকে না থেকে বাংলাদেশ ঘুরে দেখতে চাই। ২৯ নভেম্বর সকালে ফিরে যাচ্ছি। তাই হাতে কিছুটা সময় রয়েছে।’
বাংলাদেশে এসে আয়োজকদের পেশাদারত্বেও সন্তুষ্টি প্রকাশ করেছেন ওটিলিয়া। ভবিষ্যতেও তাদের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তার। তিনি বলেন, ‘আমি আনন্দিত যে আয়োজকদের আমাকে এখানে নিয়ে আসার সাহস ও উদ্যোগ রয়েছে। তাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লেগেছে। এখন পর্যন্ত তারা বেশ পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। আশা করছি, শেষ পর্যন্ত এমনটাই থাকবে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে আরও কাজ করতে পারব।’
২০১৪ সালে ‘বিলিওনেরেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি ইউরোপের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশেও জনপ্রিয়তা অর্জন করে। চার বছর পর দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন এই রোমানিয়ান সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘Otilia Returns: Bilionera Live in Dhaka’ শীর্ষক কনসার্ট। এতে ওটিলিয়ার পাশাপাশি সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’।
