logo

আসিফ আকবরের গাড়িতে গুলি, শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রবি চৌধুরী

আসিফ আকবরের গাড়িতে গুলি, শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রবি চৌধুরী
আসিফ আকবর ও রবি চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন এই সংগীতশিল্পী।

রোববার (২৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানান রবি চৌধুরী। সেখানে নিজের ক্ষোভ প্রকাশের পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে রবি চৌধুরী লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম, আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা। আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না। আমরা কি নিরাপদ সবাই? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক, কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’

আসিফ আকবরের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় এর আগেও সংগীতাঙ্গনসহ বিনোদন জগতের একাধিক তারকা উদ্বেগ প্রকাশ করেছেন। এবার রবি চৌধুরীও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুললেন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে তিনি অক্ষত রয়েছেন।

তবে কে বা কারা, কী উদ্দেশ্যে গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা এখনও জানা যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্তের পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে সংগীতাঙ্গনে।