কাল ঢাকায় আসছেন আতিফ আসলাম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
বুধবার (২২ জুলাই) তিনি ঢাকায় পা রাখবেন।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘মেইন স্টেজ শো, ফিচারিং আতিফ আসলাম’।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর স্মার্ট টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনকারী সংস্থা নিশ্চিত করেছে যে, কনসার্টটির জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি অনুমতি, প্রশাসনিক ছাড়পত্র এবং ভেন্যুর প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা স্পষ্ট জানান, কনসার্টটি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই এবং নির্দিষ্ট দিনেই আতিফ আসলাম মঞ্চে উঠবেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা স্থগিত হওয়াসংক্রান্ত কিছু খবর ছড়িয়ে পড়েছিল। বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব আখ্যা দিয়ে আয়োজকরা জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ২৪ জুলাই রাতে পূর্বাচলে বসবে এই সুরের মেলা।
এদিন আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।
.png)





