logo

কনসার্ট থেকে অ্যাশেজ ব্যান্ড সদস্যের মোবাইল চুরি

কনসার্ট থেকে অ্যাশেজ ব্যান্ড সদস্যের মোবাইল চুরি
ব্যান্ড অ্যাশেজ। ছবি: ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নেওয়া

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ কনসার্টের জন্য বর্তমানে উত্তরের জেলা নীলফামারীর ডোমারে অবস্থান করছে। সেখানে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত 'হোন্ডা শাইন উৎসবে' আজ গান পরিবেশন করে তারা। সব ঠিকঠাকই ছিল, তবে সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে একাধিক মোবাইল চুরির ঘটনায় এক বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, কনসার্টে অনেকের মোবাইল চুরির অভিযোগ পেয়েছেন তারা। এর মধ্যে অ্যাশেজ ব্যান্ডের এক সদস্যের মোবাইলও হারানোর ঘটনা ঘটেছে বলে ব্যান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, অ্যাশেজের কিবোর্ডিস্ট আদনান বিন জামান তার ফোনটি হারিয়েছেন। তবে এ বিষয়ে তিনি আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে অ্যাশেজ দেশজুড়ে নিজেদের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে, যা নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে আরও বৃদ্ধি পাবে বলে জানা গেছে। এর মধ্যেই নিজেদের নতুন গানও প্রকাশ করছেন ইভান-তূর্যরা। সবশেষ ২৯ অক্টোবর প্রকাশ পেয়েছে তাদের ‘বিভ্রম’ অ্যালবামের শেষ গান ‘ঝড়ে লন্ডভন্ড’।

ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন: জুনায়েদ ইভান (ভোকাল ও গিটার), সুলতান রাফসান খান (লিড গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।