logo

চলে গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীতশিল্পী বিভা সেনগুপ্ত

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
চলে গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীতশিল্পী বিভা সেনগুপ্ত
বিভা সেনগুপ্ত। ছবি: ভারতীয় গণমাধ্যম এই সময় থেকে

ভারতীয় বাংলা সংগীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীতশিল্পী বিভা সেনগুপ্ত। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শ্রাবণী সেন। বিভা সেনগুপ্তের প্রয়াণে কলকাতার সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

দীর্ঘ সংগীতজীবন থাকলেও বিভা সেনগুপ্ত ছিলেন অনেকটাই প্রচারবিমুখ। গত শতকের ষাট ও সত্তরের দশকে যখন সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের মতো শিল্পীরা রবীন্দ্রসংগীতের জগতে শীর্ষে, তখন বিভা নিজের মতো করেই গান করে গেছেন। কোনো প্রতিযোগিতার মধ্যে নিজেকে রাখেননি তিনি।

ত্রিপুরার আগরতলায় জন্ম নেওয়া বিভা সেনগুপ্ত ১৯৫৯ সালে কলকাতায় পাড়ি জমান। সেখানে রবীন্দ্রসংগীতের শিক্ষায় তার গুরুত্বপূর্ণ গুরু ছিলেন মায়া সেন। দীর্ঘদিন তার কাছে গান শেখার পর মায়া সেনই তাকে কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে নিয়ে যান। বিভার গান দেবব্রত বিশ্বাসেরও পছন্দ হয়েছিল। পরে তার সান্নিধ্যে থেকে গান শেখার সুযোগ পান বিভা।

আকাশবাণী কলকাতা এবং দূরদর্শনের শুরুর সময় থেকেই রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন বিভা সেনগুপ্ত। তার গানে ছিল রবীন্দ্রসংগীতের শুদ্ধ ধারার প্রতি নিষ্ঠা, স্পষ্ট উচ্চারণ এবং নিজস্ব গায়কির ছাপ। দীর্ঘ সংগীতসাধনার পাশাপাশি তিনি সংগীতশিক্ষার সঙ্গেও যুক্ত ছিলেন এবং বহু শিক্ষার্থীকে গান শিখিয়েছেন।

প্রচারের ঝলক থেকে দূরে থেকেও নিজের সাধনা ও গায়কির মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছিলেন বিভা সেনগুপ্ত। তার চলে যাওয়া তাই শুধু একজন প্রবীণ শিল্পীর বিদায় নয়, রবীন্দ্রসংগীতের একটি বিশেষ ধারার সঙ্গে যুক্ত এক প্রজন্মের স্মৃতিও যেন আরও দূরে সরে যাওয়া।

সূত্র: আনন্দবাজার