ডিভোর্সের কারণ জানালেন প্রীতম-শেহতাজ

সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটতে যাচ্ছে। পারস্পরিক বোঝাপড়ায় বড় কিছু মতপার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। রাত ১০টা ৪১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রীতম এ সিদ্ধান্তের কথা জানান। এর এক মিনিট পর নিজের প্রোফাইলে একই বিষয়ে পোস্ট দেন শেহতাজ।
প্রীতম বলেন, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো। সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও জানান তিনি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
শেহতাজও প্রায় একই কথা বলেন। তিনি জানিয়েছেন, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দুজনই বলেছেন, একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে।
ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতিও বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে ২০১৭ সালে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। পরে প্রেমের সম্পর্কে জড়ান তারা।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।
