Advertisement

আর্কের হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভ প্রিন্স মাহমুদের

এশিয়া পোস্ট বিনোদন
আর্কের হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভ প্রিন্স মাহমুদের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন আর্ক ব্যান্ডের ভোকাল হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি পানির বোতল এসে তার মুখে আঘাত করে। তবে এরপরও গান থামাননি এই শিল্পী।

Advertisement

বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত কনসার্টটিতে পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক ও আর্টসেলসহ বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ড সংগীত পরিবেশন করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনের অংশে দাঁড়িয়ে গান করছিলেন হাসান। এ সময় দর্শকদের মধ্য থেকে একটি পানির বোতল ছুড়ে দেওয়া হলে সেটি তার মুখে গিয়ে লাগে। মুহূর্তের জন্য থমকে গেলেও পরে আবারও গানে ফিরে যান তিনি। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদও।

এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, হাসানের গান চলার সময় কেন বোতল ছোড়া হলো এবং দর্শকদের একটি অংশ কেন ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছিল। একই সঙ্গে ঘটনার পেছনে কারা ছিলেন এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

প্রিন্স মাহমুদের মতে, এ ধরনের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। কনসার্টস্থলে থাকা সিসিটিভি ও দর্শকদের মোবাইল ক্যামেরার ফুটেজ ব্যবহার করে জড়িতদের শনাক্ত করার কথাও বলেন তিনি। পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন এই সংগীত ব্যক্তিত্ব।

তবে ঘটনার বিষয়টি নিয়ে ভিন্নভাবে দেখছেন হাসান। তার ভাষ্য, কেউ একজন অপ্রত্যাশিতভাবে বোতলটি ছুড়ে মেরেছিলেন এবং সেটি তার মুখে লাগে। তবে আয়োজকদের পক্ষ থেকে তাকে সার্বক্ষণিকভাবে ঘিরে রাখা হয়েছিল এবং এ কারণে তিনি কোনো নিরাপত্তাজনিত সমস্যায় পড়েননি।

কে বোতলটি ছুড়েছেন, তা জানেন না বলেও জানান হাসান। তার মতে, ভালো একটি অনুষ্ঠান করতে গেলে কিছু অনাকাঙ্ক্ষিত বাধা আসতে পারে। বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে মনে রাখেননি। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কারও সঙ্গে না ঘটে—এমনটাই প্রত্যাশা তার।