বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে প্রকাশিত সাড়াজাগানো অফিসিয়াল গান সির সির-এর পেছনে অবদান রেখেছেন দুই বাংলাদেশি প্রবাসী সংগীতশিল্পী।
কানাডার টরন্টোয় বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহীর সঙ্গে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। তবে এই অর্জনের তালিকায় আছেন আরও এক বাংলাদেশি কৃতি সন্তান—তিনি দেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ-এর প্রাক্তন সদস্য রাসেল আলী।
ফিফা সাউন্ডের অফিশিয়াল অ্যালবামে স্থান পাওয়া ‘সির সির’ গানটির কো-প্রডিউসার (সহ-প্রযোজক) এবং কো-রাইটার (সহ-গীতিকার) হিসেবে কাজ করেছেন রাসেল আলী। ফুটবল বিশ্বমঞ্চে একাধিক বাংলাদেশির এমন উপস্থিতি দেশের সংগীত অঙ্গনের জন্য এক ঐতিহাসিক গৌরব বয়ে এনেছে।

রাসেল আলীর এই বৈশ্বিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার সাবেক ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি রাসেলকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘আমাদের নিজস্ব রাসেল আলীর প্রতি রইল এক বিশাল অভিনন্দন ও শুভকামনা। রাসেল, আমরা তোমার জন্য অত্যন্ত গর্বিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গান সির সিরসহ-লিখন এবং সহ-প্রযোজনা করার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন।’

স্ট্যাটাসে ওয়ারফেজের শুরুর দিনগুলোতে রাসেলের অনবদ্য অবদানের কথা স্মরণ করে লেখা হয়, ‘রাসেল একজন অসাধারণ প্রতিভাবান সংগীতশিল্পী ও গীতিকার। আমাদের প্রথম দুটি অ্যালবামে কিবোর্ড এবং গিটারে রাসেলের কিংবদন্তিতুল্য কাজ আজও অতুলনীয় এবং অপরাজেয় হয়ে রয়েছে। ওয়ারফেজের যাত্রা এবং সাফল্যে তার অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করছেন রাসেল আলী। সেখানে তিনি আন্তর্জাতিক সংগীত অঙ্গনের শীর্ষস্থানীয় ও বিশ্বখ্যাত সংগীত পরিচালক ও সংগীত প্রযোজকদের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ট্র্যাকে তার এই অংশগ্রহণ নিয়ে এরইমধ্যে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
নোরা ফাতেহী, ফরাসি শিল্পী ভেজেড্রিয়াম এবং সঞ্জয় দেবের কণ্ঠে গাওয়া ‘সির সির’ গানটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে, যার প্রতিটি সুরে মিশে আছে বাংলাদেশের ছোঁয়া।