আর্টসেলের অতিথি ভোকালিস্ট বখতিয়ার হোসাইন

আর্টসেলের অতিথি ভোকালিস্ট বখতিয়ার হোসাইন
আর্টসেলের অতিথি ভোকালিস্ট বখতিয়ার হোসাইন।

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। দীর্ঘ ২৭ বছর ধরে এই ব্যান্ডের ফ্রন্টলাইনার (ভোকালিস্ট ও রিফ গিটারিস্ট) হিসেবে শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন জর্জ লিংকন ডি’কস্তা। তিনি এই ব্যান্ডের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য। দুই যুগেরও বেশি সময় ধরে দলটির সব প্রতিকূলতার মাঝেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এগিয়ে নিয়ে গেছেন নিজেদের গানের ইতিহাস। যার ফলে আর্টসেল শুধু দেশে নয়, দেশের বাইরেও এক বিশাল ‘আর্টসেল আর্মি’ বা ফ্যানবেজ তৈরি করতে সক্ষম হয়েছে।

Advertisement

আর্টসেলের কনসার্টে ভক্তরা।
আর্টসেলের কনসার্টে ভক্তরা।

এবার ব্যক্তিগত কারণে কিছুদিনের জন্য দেশের মাটিতে আর্টসেলের হয়ে স্টেজে উঠবেন না লিংকন। তার জায়গায় আর্টসেলের অতিথি ভোকাল হিসেবে যুক্ত হচ্ছেন বখতিয়ার হোসাইন। ব্যান্ডের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কানাডায় লিংকন।
কানাডায় লিংকন।

লিংকন বেশ কিছুদিন ধরেই উত্তর আমেরিকার দেশ কানাডাতে অবস্থান করছেন। এই কারণে আর্টসেল দেশে কোনো শো করতে পারছে না। ব্যক্তিগত প্রয়োজনে তাকে সেখানে আরও কিছুদিন থাকতে হবে। কিন্তু দেশে কনসার্টের জন্য আর্টসেল ভক্তরা নিয়মিত সামাজিক মাধ্যমসহ বিভিন্ন উপায়ে ব্যান্ডের সঙ্গে যোগাযোগ করছেন। এর ফলে আর্টসেল ও লিংকন ব্যান্ড নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন এবং ব্যান্ডের একটি জরুরি মিটিং ডাকেন। সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয় যে, লিংকনের কানাডার কাজ শেষ না হওয়া পর্যন্ত দেশে আর্টসেলের যত লাইভ কনসার্ট হবে, সেগুলোতে ফ্রন্টলাইনার হিসেবে লিংকনের জায়গায় বখতিয়ার গাইবেন। তবে লাইভ কনসার্ট ছাড়া দলটির অন্য কোনো কার্যক্রমে তাকে দেখা যাবে না।

ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ড্রামার কাজী আশেকীন সাজু।
ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ড্রামার কাজী আশেকীন সাজু।

প্রকাশিত বিষয়টি নিয়ে দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ড্রামার কাজী আশেকীন সাজু বলেন, ‘এই সিদ্ধান্তটি নেওয়া আমাদের সবার জন্যই খুব কঠিন ছিল। কারণ লিংকনকে ছাড়া আর্টসেল কখনও ভাবাই সম্ভব নয়। তবে লিংকন কানাডায় থাকায় সাময়িক সময়ের জন্য ও দেশে আমাদের সঙ্গে থাকতে পারছে না। তবে আর্টসেল ভক্তদের মন খারাপের কিছু নেই, কারণ কানাডা ট্যুরে ওকে আমরা পাব। এছাড়া আমাদের নতুন সব গানে লিংকনের কণ্ঠই থাকবে। দেশের কনসার্টগুলোতে লিংকনের জায়গায় আপাতত বখতিয়ারের কণ্ঠে আর্টসেলের গান শুনতে পাবেন শ্রোতারা। এটি আমাদের দলগত সিদ্ধান্ত এবং এ বিষয়ে সবার আগে লিংকনই আমাদের পরামর্শ দিয়েছে। তাই কোনো কিছুই বদলাচ্ছে না। আর্টসেল একটি পরিবার, আমরা সবাই এর সদস্য। জীবনের প্রয়োজনে অনেক সময় বিরতির দরকার হয়, সেটাই লিংকন নিয়েছে।’

এ সময় ভিডিওতে ব্যান্ডের আরেক প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেজিস্ট সেজান বলেন, ‘আর্টসেল এবং লিংকন একই সুতোয় বাঁধা। আমাদের এই জার্নি ২৭ বছরের। কখনো ওকে ছাড়া বাজাব—এমনটি ভাবিনি। তবে এটাও মেনে নিতে হবে, কারণ জীবন বহমান। আমি নিজেও ১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় আছি আর্টসেলের সদস্য হিসেবে। লিংকন কানাডায় থাকায় সাময়িকভাবে দেশে বখতিয়ার অতিথি হয়ে আর্টসেলের সঙ্গে থাকবে। আপাতত এভাবেই চলবে। এটি আমাদের দলগত সিদ্ধান্ত।’

ভিডিও মিটিংয়ে ব্যান্ড আর্টসেল।
ভিডিও মিটিংয়ে ব্যান্ড আর্টসেল।

সিদ্ধান্তটি সবাই মিলে নেওয়ার পর ভিডিওতে আর্টসেলের অতিথি ভোকালিস্ট বখতিয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়। এসময় তাকে বলতে শোনা যায় , ‘আমার জীবনে আর্টসেলের প্রভাব অনেক। যাদের গান কাভার করতাম, আজ তাদের সঙ্গেই স্টেজ শেয়ার করার সুযোগ পাচ্ছি। এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমার ওপর আস্থা রাখার জন্য পুরো ব্যান্ডকে ধন্যবাদ। আমি আমার সবটুকু উজাড় করে দিতে চাই।’

এরপর ভিডিও মিটিংয়ে কথা বলেন লিংকন। তিনি বলেন, ‘আর্টসেলের সঙ্গে ২৭ বছরের জীবনে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে—আমি কখনো ভাবিনি। কারণ আমার জীবন মানেই ছিল আর্টসেল। আমি কানাডা থাকায় আর্টসেল দেশে শো করতে পারছে না। তাই আমার অনুপস্থিতিতে দেশের কনসার্টগুলোতে উপস্থিত থাকবে বখতিয়ার। আমরা ব্যান্ডে তাকে স্বাগত জানাচ্ছি। সে শুধু দেশের লাইভ কনসার্টগুলোতে আমাদের সঙ্গে পারফর্ম করবে। সবশেষে আর্টসেল আর্মির কাছে আমার একটাই অনুরোধ—আমি আপনাদের এবং আর্টসেলের সঙ্গেই আছি। আমি আপনাদের ভালোবাসি।’

অতিথি ভোকালিস্ট বখতিয়ার হোসাইন।
অতিথি ভোকালিস্ট বখতিয়ার হোসাইন।

বিষয়টি নিয়ে আর্টসেলের আরও দুই সদস্য কাজী ফয়সাল আহমেদ ও জুয়েল জানান, এমন একটি সিদ্ধান্ত নিতে তাদের অনেক দিন সময় লেগেছে। কিন্তু শ্রোতাদের জন্য স্টেজে ফেরাও জরুরি। কারণ আর্টসেলের মূল শক্তিই হলো তাদের শ্রোতারা। দেশে আর্টসেল অনেক দিন ধরেই স্টেজে অনুপস্থিত। মূলত নিয়মিত কনসার্টে ফেরার লক্ষ্যেই ব্যান্ডটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

বখতিয়ার হোসাইন বাংলাদেশের জনপ্রিয় সাইকেডেলিক রক ব্যান্ড ‘বে অব বেঙ্গল’-এর সাবেক ভোকাল, গীতিকার ও গিটারিস্ট। দীর্ঘ ১৫ বছরের পথচলার পর তিনি ব্যান্ডটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন এবং বর্তমানে নিজের সোলো মিউজিক্যাল প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এখন থেকে তাকে দেশে আর্ট

সেলের কনসার্টগুলেোতে নিয়মতি দেখা যাবে।