Advertisement

আশা ভোসলের স্মৃতিতে এ আর রহমানের মিউজিক ভিডিওতে থাকছেন শাহরুখও

এশিয়া পোস্ট বিনোদন
আশা ভোসলের স্মৃতিতে এ আর রহমানের মিউজিক ভিডিওতে থাকছেন শাহরুখও

ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে চলতি বছরের ১২ এপ্রিল প্রয়াত হয়েছেন। তবে তার কণ্ঠ রয়ে গেছে অমর হয়ে। প্রজন্মের পর প্রজন্ম তার গান মুগ্ধ করে চলেছে শ্রোতাদের। এবার এই কিংবদন্তি শিল্পীর স্মৃতিতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য তৈরি করছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

Advertisement

‘আশা ফরএভার’ নামে একটি বিশেষ মিউজিক ভিডিও তৈরি করছেন রহমান। আর এই আয়োজনে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানও।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রহমান জানান, আশা ভোসলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা মিউজিক ভিডিওটিতে যুক্ত হতে সম্মতি দিয়েছেন শাহরুখ। এ জন্য অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

রহমান লেখেন, ‘আশা ভোসলের প্রতি শ্রদ্ধার এই মিউজিক ভিডিওতে যোগ দিতে সম্মত হয়েছেন প্রিয় শাহরুখ খান। ওকে আন্তরিক ধন্যবাদ।’

মিউজিক ভিডিওটির প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। তবে শিগগিরই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আশা ভোসলে জীবিত থাকতেই এই প্রকল্পের ভাবনা এ আর রহমানের মাথায় এসেছিল। তার ইচ্ছে ছিল, কাজটি উপহার হিসেবে আশাকে দেবেন। কিংবদন্তি শিল্পীর প্রয়াণের পর সেই পরিকল্পনাই নতুনভাবে সামনে আনছেন তিনি।

সম্প্রতি গানটির একটি ঝলক প্রকাশ করেছেন রহমান। জানিয়েছেন, বিভিন্ন শিল্পী, সংগীতের নানা ধারা ও সুরকে একত্র করে আশা ভোসলের জীবন ও সংগীতকে উদ্‌যাপন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রহমানের নিজের কণ্ঠের পাশাপাশি এতে একাধিক শিল্পীর কণ্ঠ থাকছে। সেই তালিকায় থাকছে প্রয়াত আশা ভোসলের কণ্ঠও।

আশা ভোসলের সঙ্গে শাহরুখ খানের সম্পর্কও ছিল আন্তরিক। গায়িকার মৃত্যুর পর আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, ভারতীয় চলচ্চিত্রে আশা ভোসলের কণ্ঠ অন্যতম এক স্তম্ভ হয়ে থাকবে। একই সঙ্গে আশার কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আশীর্বাদের কথাও স্মরণ করেছিলেন অভিনেতা।

আশাকে খুব মনে পড়বে বলেও জানিয়েছিলেন শাহরুখ। এবার ‘আশা ফরএভার’-এর মাধ্যমে সেই শ্রদ্ধা ও ভালোবাসারই নতুন প্রকাশ ঘটতে যাচ্ছে। এ আর রহমানের সুর ও আয়োজনে একাধিক শিল্পীর কণ্ঠে কিংবদন্তি আশা ভোসলেকে স্মরণ করা হবে, তাদের সঙ্গে থাকবেন শাহরুখ খানও।