logo

তিন বছর পর বাংলাদেশে লাকি আলী, গান শোনাবেন ঢাকা-চট্টগ্রামে

তিন বছর পর বাংলাদেশে লাকি আলী, গান শোনাবেন ঢাকা-চট্টগ্রামে
লাকি আলী। ছবি: টিকিফাই

নব্বইয়ের দশকের ইন্ডি-পপ আর বলিউডের মেলোডি গানের কথা উঠলে যে নামগুলো শ্রোতাদের মনে ভেসে ওঠে, লাকি আলী তাদের অন্যতম। ‘ও সানাম’, ‘এক পল কা জিনা’ কিংবা ‘না তুম জানো না হাম’- একসময় তরুণ প্রজন্মের মুখে মুখে ফিরেছে তার এসব গান। সেই লাকি আলী আবারও আসছেন বাংলাদেশে। তবে এবারের সফরে শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও গান শোনাবেন ভারতীয় এই সংগীতশিল্পী।

তিন বছর পর বাংলাদেশে ফিরছেন লাকি আলী। ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের এই আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে পারফর্ম করবেন তিনি।

দুই শহরের কনসার্টেই লাকি আলীর সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের একাধিক ব্যান্ড। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে দেশীয় ব্যান্ডগুলোর নামও প্রকাশ করবে আয়োজক প্রতিষ্ঠান।

ঢাকার কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। ইকিউবের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। আয়োজকদের নির্ধারিত মূল্য অনুযায়ী, জেনারেল শ্রেণির টিকিট ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি শ্রেণির টিকিটের দাম ১২ হাজার টাকা।

তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কয়েকটি বিদেশি শিল্পীর কনসার্ট স্থগিত হওয়ার ঘটনায় লাকি আলীর অনুষ্ঠান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন কেউ কেউ। এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান ইকিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে। দর্শকদের জন্য স্মরণীয় দুটি কনসার্ট উপহার দিতে প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লাকি আলীর জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে তার কণ্ঠের স্বতন্ত্র ধরন। বলিউডের প্রচলিত প্লেব্যাক গানের বাইরে গিয়ে নব্বইয়ের দশকে ইন্ডি-পপ সংগীতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। তার গানে যেমন ছিল বিষণ্নতা, তেমনি ছিল একধরনের সহজ-সরল আবেগ, যা শ্রোতাদের কাছে তাকে করে তুলেছিল ভিন্নধর্মী।

১৯৯৬ সালে প্রকাশিত হয় লাকি আলীর প্রথম একক অ্যালবাম ‘সুনো’। এই অ্যালবামের ‘ও সানাম’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর বলিউডের চলচ্চিত্রেও গেয়েছেন তিনি। হৃতিক রোশনের ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার ‘এক পল কা জিনা’ গানটি তাকে আরও বড় পরিসরে জনপ্রিয় করে তোলে।

‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’র মতো গানও শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। সময়ের সঙ্গে প্লেব্যাক সংগীতে কাজ কমিয়ে স্বাধীন সংগীতচর্চায় বেশি মনোযোগী হয়েছেন এই শিল্পী।

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে লাকি আলীর পরিবেশনায় কোন কোন গান থাকছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ রয়েছে ভক্তদের। বিশেষ করে দুই শহরের মঞ্চে তার সঙ্গে বাংলাদেশের ব্যান্ডগুলোর পরিবেশনা কনসার্টে বাড়তি আকর্ষণ যোগ করতে পারে।