মিউজিশিয়ান রাসেল খান আর নেই

দেশের সংগীতজগতের পরিচিত এক নাম রাসেল খান। প্রায় কয়েক দশক ধরে গিটারে সুর বেঁধেছেন তিনি। নিজে গাওয়ার পাশাপাশি অসংখ্য শিল্পীর সঙ্গে স্টেজে ছিলেন এই মিউজিশিয়ান। আজ (২২ অক্টোবর) রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
রাসেলের মৃত্যুর পর তার পরিবার থেকে জানা গেছে বেশকিছু দিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর আজ সকালে বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন এবং জানান স্ট্রোক হয়েছিল তার। রাসেল খানের মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে। ফেসবুকে শোক জানাচ্ছেন সহকর্মী ও শিল্পীরা।
রাসেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করে গীতিকার কবির বকুল নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ক্যাপশনে লেখেন, ‘প্রিয় গীটারিস্ট ছোট ভাই রাসেল খান-এর মৃত্যু সংবাদে আমি স্তব্ধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো একজন মানুষ ছিল রাসেল। তার অকাল মৃত্যুতে আমি শোকাহত। ওপারে শান্তিতে থেকো প্রিয় রাসেল।’
এই মিউজিশিয়ানের জানাজা বনানীর একটি মসজিদে আজ বিকেলে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানেই তাকে সমাহিত করা হবে। রাসেল খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।