logo

মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর

মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর

চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসিফ আকবরকে খালাস দেন আদালত।

এর আগে মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য ছিল। মামলায় মোট তিন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন। পরে তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় করা হয়েছিল।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আসিফ আকবর ফেসবুকে লিখেছেন,আলহামদুলিল্লাহ্।  ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। অর্থ-আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায‍্য প্রার্থনা করি। আমিন। ভালোবাসা অবিরাম।