দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি

ব্রাজিলের রিও ডি জেনিরোতে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মাত্র ৩২ বছর বয়সেই চলে যাওয়া এই প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুসংবাদ প্রকাশ করেছে ভ্যারাইটি।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এপি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার মুখোমুখি হওয়া বিমানের যাত্রীতালিকায় মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম রয়েছে। তবে এখনও তার মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা যায়, রোববার সকালে ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের পর শহরের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস বিভাগ দুই হেলিকপ্টারে থাকা ছয় যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে জানায়।
গত ৪ জুন আর্জেন্টিনায় একটি অনুষ্ঠান অংশগ্রহণ করেন অলিভিয়া ট্রি। মৃত্যুর একদিন আগে নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলের একটি এলাকার ফুটবল খেলার ভিডিও প্রকাশ করেন তিনি। অলিভারের সঙ্গে আরেক তারকা কনটেন্ট নির্মাতা গ্যাসপিও মারা যান। ২৩ বছর বয়সী গ্যাসপির ইউটিউবে ২৮ লাখেরও বেশি অনুসারী ছিল।
ব্যতিক্রমধর্মী সংগীত, অদ্ভুত রসবোধ এবং স্বতন্ত্র স্টাইলের জন্য অলিভার ট্রি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বাটি আকৃতির চুলের কাট, রঙিন পোশাক ও উদ্ভট মিউজিক ভিডিও তাকে সমসাময়িক পপ–সংস্কৃতির অন্যতম আলাদা শিল্পীতে পরিণত করেছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি শুরুতে ‘ট্রি’ নামে ডাবস্টেপ ও ইলেকট্রনিক সংগীত তৈরি করতেন। ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি ভাইরাল হলে ব্যাপক পরিচিতি পান। ২০১৮ সালে প্রকাশিত ‘এলিয়েন বয়’ ইপি ট্রির ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এই ইপির দুটি ভিডিও কোটি কোটি দর্শক দেখেন। অল্প সময়ের মধ্যে ইলেকট্রনিক ও বিকল্প পপ সংগীতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন।
