চাচার বিরুদ্ধে ন্যান্‌সির গুরুতর অভিযোগ

এশিয়া পোস্ট বিনোদন
চাচার বিরুদ্ধে ন্যান্‌সির গুরুতর অভিযোগ
নাজমুন মুনিরা ন্যান্‌সি। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। নানা সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। এবার তিনি অভিযোগ আনলেন নিজের চাচার বিরুদ্ধে। জানালেন আওয়ামী লীগের নেতার সহায়তায় গ্রামের জমি দখল করেছেন তার চাচা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্‌সি লিখেছেন, নড়াইল জেলার বড়দিয়া আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করেছিল।

ওইসময় প্রাশসনিক সহায়তা পাননি উল্লেখ করে গায়িকা লিখেছেন, আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজি হয়নি।

সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে ন্যান্‌সি আরও লিখেছেন, সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন।

সবশেষে জনপ্রিয় এ গায়িকা লেখেন, আশা করি, এবার ন্যায় বিচার পাব। শিগগিরই আসব, ইনশাআল্লাহ।