Advertisement

১০০ মিলিয়নের ক্লাবে ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝেনা’

এশিয়া পোস্ট বিনোদন

১০০ মিলিয়নের ক্লাবে ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝেনা’

ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করল জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহের সাড়া জাগানো গান ‘যে পাখি ঘর বোঝেনা’। এর মধ্য দিয়ে ডিজিটাল মাধ্যমে বাংলা গানের ইতিহাসে এক নতুন অর্জনের সাক্ষী হলেন এই শিল্পী।

২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে মুক্তির পর থেকেই গানটি শ্রোতামহলে দারুণ জনপ্রিয়তা পায়। সময়ের ব্যবধানে গানটির আবেদন তো কমেইনি, বরং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও তা সমানভাবে সমাদৃত হয়েছে। এক দশক পরও কোটি কোটি মানুষের প্লেলিস্টে জায়গা ধরে রেখে ধারাবাহিকভাবে শ্রোতাদের ভালোবাসায় অবশেষে গানটি ১০০ মিলিয়ন ভিউয়ের অভিজাত ক্লাবে নাম লেখাল।

গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি এবং সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। অন্যদিকে, শুভব্রত সরকারের পরিচালনায় নির্মিত গল্পনির্ভর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তারেক ও তারিন, পাশাপাশি শিল্পী ধ্রুব গুহর নান্দনিক উপস্থিতিও দর্শকদের মনোযোগ কাড়ে।

সংগীতজীবনের এই বিশেষ অর্জন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, একজন শিল্পীর জন্য তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই ভালোবাসার জন্য আমি দেশ-বিদেশের সব বাংলাভাষী শ্রোতার প্রতি কৃতজ্ঞ। এই অর্জন গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।’

উল্লেখ্য, বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো বেশ সীমিত। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র অন্তর্ভুক্তি বিশ্বমঞ্চে বাংলা গানের ডিজিটাল অবস্থানকে আরও সমৃদ্ধ করল।