পপ-রক তারকা বনি টাইলারের প্রয়াণ

এশিয়া পোস্ট বিনোদন
পপ-রক তারকা বনি টাইলারের প্রয়াণ
আশির দশকের তুমুল জনপ্রিয় ব্রিটিশ পপ ও রক সংগীতশিল্পী বনি টাইলার। ছবি: সংগৃহীত

‘টোটাল এক্লিপ্স অব দ্য হার্ট’ খ্যাত আশির দশকের তুমুল জনপ্রিয় ব্রিটিশ পপ ও রক সংগীতশিল্পী বনি টাইলার আর নেই। আকস্মিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার পরিবার ও অফিশিয়াল টিমের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত মে মাসে পর্তুগালের ফ্যারো শহরের একটি হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর সেখানে নিজের বাসভবনে বিশ্রামে ছিলেন ওয়েলসের এই গুণী শিল্পী। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে তার কোটি ভক্ত এবং বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বনি টাইলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হলিউড ও বিশ্ব সংগীতের কিংবদন্তিরা শ্রদ্ধা নিবেদন করছেন।

চলচ্চিত্র অভিনেতা কেভিন বেকন এক বিবৃতিতে বলেন, তিনি রক সংগীতের অন্যতম সেরা কণ্ঠস্বর ছিলেন। তার ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ গানটি ছাড়া ফুটলুজ ছবির আইকনিক ট্রাক্টর রেসের দৃশ্যটি আমি কল্পনাই করতে পারি না। ওপারে ভালো থাকুন।

বনি টাইলারের আত্মীয় ও জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনস ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের প্রিয় বনি টাইলারের চলে যাওয়ার খবরে আমার হৃদয় ভেঙে গেছে। অসাধারণ এক কণ্ঠস্বরের পাশাপাশি তিনি ছিলেন ভীষণ রসিক ও অনন্য একজন মানুষ। আমাদের এত আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বনি। শান্তিতে ঘুমাও।

২০০০ সালে মাইকেল ডগলাসের সঙ্গে ক্যাথরিন জেটা-জোনসের রাজকীয় বিয়েতেও পারফর্ম করেছিলেন বনি।

বনি টাইলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অব ওয়েলস প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। এক বার্তায় তারা বলেন, ওয়েলসের গর্ব বনি টাইলারের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার অনন্য কণ্ঠ ও অবিস্মরণীয় সংগীত বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে স্পর্শ করেছে এবং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। আমাদের সমবেদনা তার স্বামী, পরিবার ও ভক্তদের প্রতি।

১৯৭০ ও ৮০-র দশকে নিজের চমত্কার কণ্ঠের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পান বনি টাইলার। তার ‘টোটাল এক্লিপ্স অব দ্য হার্ট’, ‘ইটস আ হার্টঅ্যাক’ এবং ‘হোল্ডিং আউট ফর আ হিরো’র মতো গানগুলো বিশ্বসংগীতের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তার এই প্রয়াণ পপ ও রক সংগীতের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটাল।