মৌয়ের কবিতায় বিপ্লব সাহার গান

এশিয়া পোস্ট বিনোদন
মৌয়ের কবিতায় বিপ্লব সাহার গান
সাদিয়া ইসলাম মৌ ও বিপ্লব সাহা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নৃত্য, অভিনয় ও মডেলিং অঙ্গনের নন্দিত শিল্পী সাদিয়া ইসলাম মৌ। আজ তার জন্মদিন। একইদিনে এবার উদযাপিত হচ্ছে বাবা দিবস। দুই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজন করেছে বিশ্বরঙ।

Advertisement

খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে নির্মাণ করেছেন একটি আবেগঘন মিউজিক ভিডিও। এতে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে সাদিয়া ইসলাম মৌয়ের প্রয়াত বাবা, প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া একটি জনপ্রিয় গান।

গানটির মূল গীতিকার ছিলেন নঈম দোহার এবং সুরকার নওয়ার পারভেজ। প্রথমবার গানটি কণ্ঠে ধারণ করেন সাইফুল ইসলাম। সেই কালজয়ী গানকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে আবারও উপস্থাপন করা হয়েছে, যার সংগীতায়োজনে ছিলেন রাজন সাহা।

এই প্রজেক্টের সবচেয়ে বিশেষ দিক হলো সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই মিউজিক ভিডিওতে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছেন। নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে সফল এই তারকার কবিতা পাঠ পুরো কাজটিকে দিয়েছে এক ভিন্নমাত্রিক আবেগ ও গভীরতা।

বিপ্লব সাহা বলেন, ‘সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তার জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি চেয়েছি এমন একটি উপহার দিতে। আশা করছি এটি তার হৃদয়কে ছুঁয়ে যাবে। প্রয়াত সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।’

তিনি আরও জানান, মিউজিক ভিডিওতে মৌ-এর কবিতা পাঠ এই কাজকে আরও অর্থবহ ও স্মরণীয় করেছে।

ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনায় ছিলেন তুষার। আজ সন্ধ্যায় মিউজিক ভিডিওটি একযোগে বিশ্বরঙ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি এটি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও উন্মুক্ত করা হবে।

আয়োজকদের প্রত্যাশা- এই বিশেষ মিউজিক ভিডিও শুধু একটি গান নয়, বরং একজন কন্যার তার বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার এক আবেগঘন শিল্পিত প্রকাশ, যা দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে।