অনুপমের কনসার্টের টাকা ফেরত দিয়েছেন আয়োজকরা

শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়া ঢাকায় অনুপম রায়ের কনসার্টের টিকিটের টাকা রিফান্ড করেছেন আয়োজকরা। ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, শ্রোতারা যে ভালোবাসা দেখিয়েছেন, সেই জায়গা থেকে প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব পালন করেছে।
এর আগে ২৬ জুন ঢাকায় মঞ্চে ওঠার কথা ছিল কলকাতার গীতিকার ও সুরকার অনুপম রায়ের। তবে কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামের এই আয়োজনটি অনিবার্য পরিস্থিতির কারণে সরকার থেকে না করার নির্দেশনা দেওয়া হয়।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশ আয়োজিত এই কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের ‘বেঙ্গল সিম্ফনি’রও।
এর আগে কনসার্টি টি বাতিল হওয়া নিয়ে ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকার জন্য সব দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পন্সর এবং সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী, খুব শিগগির আরও অনুকূল সময়ে আপনাদের সঙ্গে আবারও সংগীতের এক অবিস্মরণীয় সন্ধ্যায় মিলিত হতে পারব।’





