আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’

বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রয়াণ দিবসে নতুন গান প্রকাশ করতে যাচ্ছে দেশের রক ঘরানার জনপ্রিয় ব্যান্ড কন্সট্যান্ট। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডটির ড্রামার রাব্বি। এতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকাল ইমন ও রাব্বি।
‘শেষ বিকেল’ শিরোনামের গানটি আগামী ১৮ অক্টোবর ২০২৬, আইয়ুব বাচ্চুর প্রয়াণের অষ্টম বার্ষিকীতে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হবে। একই সঙ্গে গানটি পাওয়া যাবে আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও।
আইয়ুব বাচ্চু শুধু বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন কিংবদন্তি শিল্পী নন, অসংখ্য সংগীতশিল্পীর কাছে তিনি অনুপ্রেরণা, ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য নাম। কন্সট্যান্ট ব্যান্ডের সদস্যদের কাছেও তাঁর অবস্থান ছিল বিশেষ। তাঁর সংগীতের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের উৎসাহ দেওয়ার মানসিকতা ব্যান্ডটির সদস্যদের স্মৃতিতে আজও অমলিন।
কন্সট্যান্ট ব্যান্ডের বেসিস্ট ও ব্যান্ড কো-অর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক জানান, আইয়ুব বাচ্চুর প্রতি তাঁদের শ্রদ্ধা কেবল একজন কিংবদন্তি শিল্পীর প্রতি ভালো লাগার জায়গা থেকে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কিছু ব্যক্তিগত স্মৃতি ও আবেগও। ব্যান্ডটির সদস্যদের প্রতি আইয়ুব বাচ্চুর বিশেষ স্নেহ ছিল। কন্সট্যান্টের সদস্যরা তাঁদের স্টেজ শো শুরু করতেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান ‘একদিন ঘুম ভাঙা শহরে’ পরিবেশনের মাধ্যমে। বিষয়টি আইয়ুব বাচ্চুর কানে পৌঁছালে তিনি ভীষণ খুশি হয়েছিলেন এবং ব্যান্ডটির সদস্যদের আন্তরিকভাবে উৎসাহিত করেছিলেন।
সেই স্মৃতির কথা তুলে ধরে আকিক বলেন, “আইয়ুব বাচ্চু বস আমাদের সবাইকে খুব স্নেহ করতেন। আমরা যখন আমাদের স্টেজ শো তাঁর ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি দিয়ে শুরু করতাম, বিষয়টি জানার পর তিনি খুব খুশি হয়েছিলেন। আমাদের প্রত্যেককে তিনি উৎসাহিত ও অ্যাপ্রিশিয়েট করেছিলেন। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর কাছ থেকে এমন ভালোবাসা ও স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমাদের কাছে শুধু একজন সংগীতশিল্পী নন, তিনি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও অনুপ্রেরণার জায়গা।”
তিনি আরও বলেন, “আইয়ুব বাচ্চুর প্রয়াণ আমাদের সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর গান, তাঁর সৃষ্টি এবং বাংলা রক সংগীতে তাঁর অবদান চিরকাল বেঁচে থাকবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা ‘শেষ বিকেল’ গানটি তাঁকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই, আমাদের এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য তাঁর প্রতি আমাদের ভালোবাসার একটি আন্তরিক প্রকাশ হয়ে থাকুক।”
কন্সট্যান্টের নতুন গান ‘শেষ বিকেল’ ব্যান্ডটির নিজস্ব মৌলিক সৃষ্টি। গানটি প্রকাশের জন্য ১৮ অক্টোবর তারিখটি বেছে নেওয়ার পেছনে রয়েছে গভীর আবেগ ও শ্রদ্ধাবোধ। ব্যান্ডটির সদস্যদের প্রত্যাশা, আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে প্রকাশিত এই গান তাঁদের প্রিয় শিল্পীর স্মৃতিকে নতুন করে স্মরণ করার একটি উপলক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে নতুন প্রজন্মের শ্রোতারাও তাঁর সংগীত ও অবদান সম্পর্কে আরও আগ্রহী হবেন।
২০০৫ সালে যাত্রা শুরু করা কন্সট্যান্ট দীর্ঘদিন ধরে বাংলাদেশের রক সংগীতাঙ্গনে মৌলিক গান নিয়ে কাজ করছে। ব্যান্ডটির উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নমিছিল’, ‘মেঘবালিকা’, ‘ক্ষমা’, ‘স্বাধীনতা’, ‘সাদাকালো’ ও ‘অস্থির অনুভূতি’। সম্প্রতি জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে ব্যান্ডটির ‘ইচ্ছের আকাশ’ ও ‘যাযাবর’ শিরোনামের গান। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় ‘শেষ বিকেল’ হতে যাচ্ছে তাদের সংগীতযাত্রার আরেকটি আবেগঘন সংযোজন।
বর্তমানে কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপে রয়েছেন জীবন (লিড গিটার), দেওয়ান হাসিবুর রহমান রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভোকাল) এবং আহম্মদ মোস্তফা আকিক (বেজ গিটার ও ব্যান্ড কো-অর্ডিনেটর)।
আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে ‘শেষ বিকেল’ প্রকাশের মধ্য দিয়ে কন্সট্যান্ট ব্যান্ড তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। ব্যান্ডটির বিশ্বাস, একজন প্রকৃত শিল্পীর শারীরিক প্রস্থান ঘটলেও তাঁর সৃষ্টি, তাঁর আদর্শ এবং মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আইয়ুব বাচ্চুর সংগীতও তেমনি প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে—আর ‘শেষ বিকেল’ হয়ে থাকবে তাঁকে স্মরণ করে কন্সট্যান্টের পক্ষ থেকে নিবেদিত এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।