জাংকুকের সঙ্গে অরিজিৎ, চলছে নানা জল্পনা

কিছু দিন আগে হঠাৎ করেই প্লে-ব্যাক গায়ক হিসেবে অবসরের ঘোষণা দেন অরিজিৎ সিং। প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেও পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এ গান গেয়েছেন। তার গাওয়া রণবীর সিংয়ের অভিনীত 'ফির সে' গানটিতে ভক্তরা মুগ্ধ। এবার বলিপাড়ায় গুঞ্জন, জনপ্রিয় কে-পপ ব্যান্ড তারকা জাংকুকের সঙ্গে গান গেয়েছেন হিন্দি ও বাংলার প্লে-ব্যাক সম্রাট অরিজিৎ।
এদিকে কে-পপ ব্যান্ড বিটিএস চার বছর অপেক্ষার পর প্রথম অ্যালবাম ‘আরিরাং’ অ্যালবাম প্রকাশ করে। এ উপলক্ষে শনিবার সিউলে একটি লাইভ কনসার্টের আয়োজন করে। বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে। নেটফ্লিক্স অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
সংগীতপ্রেমীরা যখন বিটিএসের প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত তখন ব্যান্ডের কনিষ্ঠতম গায়ক জাংকুক ও ভারতের অরিজিৎ সিংয়ের একটি ছবি অনলাইনে ভাইরাল হচ্ছে। ছবিটি জাংকুকের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে বলে জানা যায়। সেখানে জংকুক জানান, তার সাম্প্রতিক ভারত সফরের সময় অরিজিতের সঙ্গে দেখা করেছিলেন। ভাইরাল পোস্টটিতে প্লে-ব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিতের নতুন যাত্রার জন্য জাংকুক তাকে অভিনন্দন জানান। সূত্র: সিনেমা এক্সপ্রেস
পোস্টে জাংকুক লেখেন—‘আমরা একটি গান তৈরি করেছি, যা আন্তরিক ও হৃদয় থেকে তৈরি। আশা করি, এটি তৈরির সময় আমরা যা অনুভব করেছি, আপনারাও তা অনুভব করতে পারবেন। এটি খুব শিগগির মুক্তি পাবে।’
বিটিএস তারকার পোস্টের পরই শুরু হয় আলোচনা। তবে অনেকে এটি এআই-নির্মিত পোস্ট বলে মনে করছেন। অবশ্য জাংকুক কয়েক বছর আগে নিজের অ্যাকাউন্টটি মুছে ফেলার পর সম্প্রতি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিরে এসেছেন। ঘটনা যা-ই হোক, ভক্তরা অধীর হয়ে আছেন জাংকুকের সঙ্গে অরিজিদের যৌথ প্রযোজনায় গান উপভোগের জন্য।