যৌতুকের বিরুদ্ধে মাহবুবুল খালিদের প্রতিবাদী গান, গাইলেন কোনাল-রাফসান

গীতিকবি মাহবুবুল খালিদের গান-কবিতা উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি, অন্যায় ও মানবিক সংকট। নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে নিজের শিল্পচর্চার অন্যতম দায় হিসেবে দেখেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার খালিদের গানে উঠে এসেছে যৌতুকের ভয়াবহতা, এর কারণে নারীর প্রতি সহিংসতা এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান।
‘যৌতুক’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল ও রাফসান। গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানের কথায় যৌতুককে ব্যাধি, যন্ত্রণা ও অভিশাপ হিসেবে তুলে ধরেছেন মাহবুবুল খালিদ। যৌতুকের লোভে নারীর ওপর নির্যাতন, অ্যাসিড-সন্ত্রাস এবং একটি সুখের সংসার কীভাবে দুঃসহ জীবনে পরিণত হয়, সেই চিত্র গানটিতে ফুটে উঠেছে। পাশাপাশি অন্যায় মেনে না নিয়ে প্রতিবাদ করার বার্তাও দিয়েছেন গীতিকার।
গানের একটি অংশে বলা হয়েছে, ‘যৌতুক ব্যাধি যৌতুক যন্ত্রণা/ যৌতুক অভিশাপ/সইবো না আর যৌতুকের জ্বালা/যৌতুক অপরাধ।’ অন্য অংশে ছেলে-মেয়ের মধ্যে ভেদাভেদ না করে তাদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গীতিকারের ভাষ্যে, শিক্ষা ও আত্মনির্ভরতা সামাজিক অন্যায় প্রতিরোধের শক্তি হয়ে উঠতে পারে।
গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেলে। একই নামে ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।