বাবার মৃত্যুতে শোকাহত সংগীতশিল্পী সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবরটি জানান সালমা নিজেই।
সংক্ষিপ্ত সেই বার্তায় তিনি লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ প্রিয় বাবাকে হারানোর বেদনায় মুহূর্তেই ভারী হয়ে ওঠে তার স্ট্যাটাসের আবহ। সালমার বাবার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোক।
তবে ফজলুল হকের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। একই সঙ্গে তার জানাজা ও দাফনের সময় এবং স্থানও পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।
এদিকে বাবাকে হারানোর এই শোকের আগে কাজের ব্যস্ততার মধ্যে ছিলেন সালমা। নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এই শিল্পী। কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে তার দ্বৈত গান ‘প্রেম লীলা’ প্রকাশিত হয়। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত গানটির ভিডিওচিত্র প্রকাশের পর দর্শকদের কাছ থেকেও সাড়া পেয়েছে।

