সিজেএফবির বিশেষ সম্মাননা পাচ্ছেন সংগীত শিল্পী ধ্রুব গুহ

সংগীতাঙ্গনে দীর্ঘদিনের অবদান, নতুন শিল্পীদের কাজের সুযোগ তৈরি এবং দেশীয় গানকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ। ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর বিশেষ এই সম্মাননা দেওয়া হচ্ছে তাকে।
সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি দেশের সংগীতাঙ্গনে একজন পৃষ্ঠপোষক হিসেবেও কাজ করছেন ধ্রুব গুহ। নতুন মৌলিক গান তৈরি, প্রযোজনা ও প্রকাশে নিয়মিত বিনিয়োগ করে আসছেন তিনি। সংগীতের নানা প্রতিকূলতার মধ্যেও নতুন গান প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখার বিষয়টি তার এই স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
শুধু প্রতিষ্ঠিত শিল্পী নন, নতুন প্রজন্মের শিল্পীদেরও কাজের সুযোগ করে দিতে ভূমিকা রেখেছেন ধ্রুব গুহ। তার উদ্যোগে ধ্রুব মিউজিক স্টেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন শিল্পীর গান। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলা গানকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাও রয়েছে তার।
এসব উদ্যোগ ও সংগীতশিল্পের বিকাশে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) হল অব ফেমে বসবে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। সেখানেই ধ্রুব গুহর হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে। বিষয়টি জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।
সংগীত ও বিনোদন অঙ্গনের শিল্পীদের কাজের স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে এই পুরস্কারের আয়োজন করে আসছে সিজেএফবি। এবার ২৫তম আসরকে ঘিরে থাকছে বিশেষ আয়োজনও।
