ফ্রান্সে জেমসের কনসার্ট ঘিরে প্রবাসীদের উচ্ছ্বাস

ফ্রান্সের সারসেল শহরের স্টাড এমিল জোলা মাঠে রবিবার (০২ আগস্ট) অনুষ্ঠিত হবে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ অনুষ্ঠান। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় কতেই এই আয়োজন।
অফিওরা ও শাহ গ্রুপের যৌথ আয়োজনে দিনব্যাপী এ উৎসবে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় ঐতিহ্যের নানা আয়োজন এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।

এবারের উৎসবের প্রধান আকর্ষণ দেশের জনপ্রিয় রকশিল্পী, নগর বাউলখ্যাত জেমসের সংগীত পরিবেশনা। তার সঙ্গে মঞ্চে থাকবে ‘জলের গান’-এর রাহুল আনন্দ এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা। যার কারণে দীর্ঘদিন পর ফ্রান্সে জেমসের কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
বিশেষ করে জেমসের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে ভক্তদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক সফর আগের মতো নিয়মিত করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে অনেক ভক্তের কাছে এবারের কনসার্টটি বিশেষ আবেগের হয়ে উঠেছে।

কনসার্টের টিকিট সংগ্রহ করা প্রবাসী বাংলাদেশি বেলাল আহমেদ এশিয়া পোস্টকে বলেন, ‘২০২৩ সালে জেমসের লাইভ কনসার্ট দেখার জন্য টিকিট কিনেছিলাম। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে সেটি বাতিল হয়ে যায়। ফলে বহুদিনের ইচ্ছা পূরণ হয়নি। আশা করছি এবার আর কোনো বাধা থাকবে না। ছোটবেলা থেকেই আমি জেমসের গানের ভক্ত। তাকে সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় আছি।’
আরেক দর্শক মিলি আক্তার বলেন, ‘জেমসের গান শুনেই বড় হয়েছি। তার অসংখ্য গান আমার জীবনের নানা স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। প্রবাসে থেকেও এবার তাকে সামনে থেকে গান গাইতে দেখতে পারব, এটা ভাবতেই খুব ভালো লাগছে। তার শারীরিক অবস্থা নিয়ে যেসব আলোচনা হচ্ছে, সেগুলো বিবেচনায় নিয়ে হয়তো এটিই ফ্রান্সে তাকে সরাসরি দেখার বিরল সুযোগ হতে পারে। তাই অনেক আগ্রহ নিয়ে টিকিট কেটেছি।’
আয়োজকরা জানান, এই উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে। পাশাপাশি এটি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে।
.png)
