logo

শ্রেয়া ঘোষালের প্লে-ব্যাক থেকে অবসরের সুর

শ্রেয়া ঘোষালের প্লে-ব্যাক থেকে অবসরের সুর

কিছুদিন আগে হঠাৎ করেই প্লে-ব্যাক থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে হইচই ফেলে দেন অরিজিৎ সিং। এবার সে পথেই যাচ্ছেন গানের কোকিল শ্রেয়া ঘোষাল। সম্প্রতি বিনোদন জগতে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

বলিউড ইন্ডাস্ট্রি থেকে অরিজিৎ সিংয়ের বিরতির ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার ‘সুর সম্রাজ্ঞী’ শ্রেয়া ঘোষালও অবসরের সুর তুললেন। সম্প্রতি মিডিয়ায় এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, তিনি বর্তমানে যথেষ্ট ক্লান্ত এবং গান থেকে সাময়িক বিরতি নেওয়ার চিন্তাভাবনা করছেন।

ভারতীয় গণমাধ্যম আজকালের বরাতে জানা যায়, এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সময়ে সংগীত ভুবনে যে ধরনের পরিবর্তন আসছে, তার সঙ্গে তাল মেলানো তার পক্ষে সব সময় আনন্দদায়ক হচ্ছে না। বিশেষ করে লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক’য়ের প্রবণতাকে তিনি একেবারেই সমর্থন করতে পারছেন না।

মঞ্চে সরাসরি পারফর্ম করাকে সর্বোচ্চ গুরুত্ব দেন শ্রেয়া। লিপ-সিঙ্ক বা মিমিং করার চেয়ে গান ছেড়ে দেওয়াকেই তিনি শ্রেয় মনে করেন। তার কথায়, ‘যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।’ দর্শকদের প্রতি শিল্পীদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সংগীতের মাধ্যমে অনুপ্রেরণা ও প্রশান্তি পৌঁছে দেওয়া একজন শিল্পীর কাজ।

অরিজিতের সাহসী সিদ্ধান্তকে সম্মান ও সমর্থন করে শ্রেয়া বলেন, ‘আমারও মাঝে মধ্যে বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ হৃদয় থেকে আসা একজন সংগীতশিল্পী।’ দীর্ঘ সংগীত জীবনের ক্লান্তিকর পরিস্থিতির কথা স্বীকার করেন শ্রেয়া ঘোষাল।