logo

৩৮ বছরেই থেমে গেল সংগীতশিল্পী রুশনাফ ওয়াদুদের পথচলা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
৩৮ বছরেই থেমে গেল সংগীতশিল্পী রুশনাফ ওয়াদুদের পথচলা
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ। ছবি: শিল্পীর ফেসবুক থেকে

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

রুশনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা। তিনি জানান, এক দশকেরও বেশি সময় ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রুশনাফ। অসুস্থতার মধ্যেও গান গাওয়ার প্রতি তার ভালোবাসা কমেনি।

বন্ধুর সঙ্গে শেষ দিকের কথোপকথনের স্মৃতি তুলে ধরে আনান সিদ্দিকা জানান, একবার রুশনাফ তাকে বলেছিলেন, ‘আমি হয়তো বেশি দিন থাকব না।’ দীর্ঘদিনের অসুস্থতার কারণে এমন আশঙ্কা করতেন তিনি। গাইতে কষ্ট হলেও মাঝেমধ্যে গান করতেন রুশনাফ। এতে মানসিক প্রশান্তি পেতেন বলে জানান আনান।

আনান সিদ্দিকার ভাষায়, রুশনাফ ছিলেন খুব ভালো মনের মানুষ। শারীরিক কষ্টের মধ্যেও সংগীতের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি।

বিকল্পধারার সংগীতাঙ্গনে পরিচিত ছিলেন রুশনাফ ওয়াদুদ। তিনি ‘ব্লান্ডারওয়্যার’ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে সংগীতজগতে পরিচিতি পান। পরে যুক্ত হন ‘দ্য অ্যাটেম্পটেড’ ব্যান্ডের সঙ্গে। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।

ব্যান্ডের গানের বাইরেও চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন রুশনাফ। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এর জন্য তার গাওয়া ‘নগণ্য মানুষ’ গানটিও উল্লেখযোগ্য।

শুধু সংগীত নয়, অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’-তে অভিনয় করেছিলেন তিনি। সংগীতের পাশাপাশি অভিনয়ের মধ্য দিয়েও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন এই শিল্পী।