logo

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় ‘ইশক-এ-নুসরাত’

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় ‘ইশক-এ-নুসরাত’
‘ইশক-এ-নুসরাত’ এর পোস্টার। ছবি: আয়োজকদের সৌজন্যে

কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে বসবে এই সংগীতের আসর। অনুষ্ঠানটির আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় কাওয়ালি পরিবেশন করবে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ ও দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। পাশাপাশি সুফি নৃত্য পরিবেশন করবে ‘এইচইউ সুফি ট্রুপ’।

শুধু গান আর নৃত্যেই সীমাবদ্ধ থাকছে না আয়োজনটি। নুসরাত ফতেহ আলী খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো আয়োজনস্থল সাজানো হবে সুফি ভাবনায়, যাতে দর্শকেরা সংগীতের পাশাপাশি সুফি সংস্কৃতির আবহও উপভোগ করতে পারেন।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকিব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ইশক-এ-নুসরাত’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সংগীতের চিরন্তন আবেদন উদ্‌যাপনের একটি বিশেষ উদ্যোগ।

আয়োজকেরা জানিয়েছেন, আগামী ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শনার্থীদের জন্য কেআইবি অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। পরিবার নিয়ে অনুষ্ঠান উপভোগের উপযোগী পরিবেশের পাশাপাশি পার্কিং সুবিধাও রাখা হচ্ছে।

সীমিত আসনের এই অনুষ্ঠানের টিকিটের দাম শুরু হয়েছে ৯৯৯ টাকা থেকে।