দুই দশকের গান নিয়ে মঞ্চে ফিরছেন অরিজিৎ সিং

বাঙালি গায়ক। অথচ তার কণ্ঠের মায়ায় মুগ্ধ ভারত ছাড়িয়ে বিশ্বের কোটি কোটি শ্রোতা। দীর্ঘ দুই দশকের সংগীতযাত্রায় একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন অরিজিৎ সিং। এবার সেই দুই দশকের পথচলাকে সামনে রেখে বড় আয়োজনের ঘোষণা দিলেন এই গায়ক।
সোমবার (৫ অক্টোবর) অরিজিৎ সিং জানিয়েছেন, ভারতজুড়ে কনসার্ট সফরে যাচ্ছেন তিনি। দেশটির ৯টি রাজ্যের ৯টি শহরে হবে তার কনসার্ট। প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার পর ভারতের মঞ্চে এটিই হতে যাচ্ছে অরিজিতের প্রথম বড় সংগীত আয়োজন।
আগামী বছরের ৯ জানুয়ারি আহমেদাবাদে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে এই সফর। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু, ২৭ মার্চ নয়াদিল্লি, ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে গান শোনাবেন অরিজিৎ।
দুই দশকের সংগীতজীবনের বিভিন্ন সময়ের গান এই সফরে পরিবেশন করবেন তিনি। ফলে অরিজিতের ক্যারিয়ারের নানা অধ্যায়, আবেগ ও সংগীতের বৈচিত্র্য উঠে আসবে প্রতিটি পরিবেশনায়। প্রিয় গানগুলো একসঙ্গে সরাসরি শোনার সুযোগ পাবেন ভক্তরা।
আয়োজনটিও হতে যাচ্ছে বেশ বড় পরিসরের। কনসার্টের জন্য তৈরি করা হবে বিশেষ নকশার বহুস্তরীয় মঞ্চ। এর একটি অংশ দীর্ঘ রানওয়ের মতো স্টেডিয়ামের ভেতরের দিকে এগিয়ে থাকবে। ফলে দর্শকদের আরও কাছাকাছি গিয়ে গান পরিবেশন করতে পারবেন অরিজিৎ।
এ ছাড়া থাকবে ৩৬০ ডিগ্রি বিশেষ শব্দব্যবস্থা, গতিশীল এলইডি আলো, বড় পর্দা, লেজার আলো এবং স্টেডিয়াম উপযোগী আতশবাজির আয়োজন। তবে এতসব আয়োজনের মধ্যেও মূল আকর্ষণ হিসেবে রাখা হচ্ছে অরিজিতের গান ও কণ্ঠকে।
দুই দশকের সংগীতযাত্রা নিয়ে অরিজিৎ বলেন, এই দীর্ঘ পথচলার জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ। তার মতে, এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক ছিল শ্রোতারা- যারা নিজেদের মতো করে তার গানগুলোকে বাঁচিয়ে রেখেছেন।
পুরো ভারত ঘুরে সেই শ্রোতাদের ভালোবাসা সরাসরি মঞ্চে অনুভব করার অপেক্ষায় আছেন বলেও জানান অরিজিৎ। একই সঙ্গে এত গান, এত স্মৃতি এবং এত মানুষের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি।
অরিজিতের এই কনসার্ট সফরের টিকিট পাওয়া যাবে ‘থাম্পএন’-এর প্ল্যাটফর্মে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ অক্টোবর দুপুর থেকে।