logo
Advertisement

নচিকেতার জন্মদিনে চঞ্চলের আঁকা বিশেষ উপহার

এশিয়া পোস্ট বিনোদন
নচিকেতার জন্মদিনে চঞ্চলের আঁকা বিশেষ উপহার

ভক্তদের কাছে তিনি ‘আগুনপাখি’। জীবনমুখী গানের অনন্য শিল্পী নচিকেতা চক্রবর্তী কথা, সুর আর গানে চার দশকের কাছাকাছি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। ২ সেপ্টেম্বর ছিল ভারতের নন্দিত এই সংগীতশিল্পীর জন্মদিন। বিশেষ এই দিনে শুভেচ্ছায় ভেসেছেন তিনি। সতীর্থদের পাশাপাশি ভক্তরাও ভালোবাসা জানিয়েছেন প্রিয় শিল্পীকে।

Advertisement

নচিকেতার জন্মদিনে এবার ভিন্নধর্মী উপহার দিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। দিন পেরিয়ে মধ্যরাতে সামাজিক মাধ্যমে সেই উপহার প্রকাশ করেন তিনি। ডিজিটাল তুলিতে নচিকেতার একটি পোর্ট্রেট এঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চল।

চঞ্চলের আঁকা ছবিতে ধরা পড়েছে নচিকেতার চেনা অবয়ব। এলোমেলো চুল, খোঁচা দাড়ি-গোঁফ, মুখে মৃদু হাসি, বোতাম খোলা শার্টের ভেতরে টি-শার্ট-সব মিলিয়ে নচিকেতার স্বভাবসিদ্ধ লুকটিই ফুটিয়ে তুলেছেন অভিনেতা। ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে নচিকেতাকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কন ও সংগীতচর্চাতেও পারদর্শী চঞ্চল চৌধুরী। বিভিন্ন সময় তার আঁকা পোর্ট্রেটে উঠে এসেছে দেশ-বিদেশের নানা গুণী মানুষের মুখ। হুমায়ূন আহমেদ, লিওনেল মেসি, মৃণাল সেন, সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, আফরান নিশো, তাসনিয়া ফারিণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মোশাররফ করিম ও ফজলুর রহমান বাবুসহ অনেক তারকার পোর্ট্রেট এঁকেছেন তিনি।

অন্যদিকে নচিকেতা চক্রবর্তীর জন্ম ১৯৬৫ সালের ২ সেপ্টেম্বর কলকাতায়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। ১৯৯৩ সালে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম অ্যালবামেই সাড়া ফেলে দ্রুতই জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।

এরপর একের পর এক একক ও যৌথ অ্যালবাম প্রকাশের পাশাপাশি চলচ্চিত্রেও গান গেয়েছেন নচিকেতা। তার গানে উঠে এসেছে নাগরিক জীবনের বাস্তবতা, প্রেম-বিরহ, সমাজ ও মানুষের নানা গল্প। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে তিনি এখন বাংলা গানের অন্যতম কিংবদন্তি।

নচিকেতার জন্মদিনে চঞ্চলের আঁকা বিশেষ উপহার - Asia Post