‘প্রথম বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল’, ডলি সায়ন্তনীকে নিয়ে বিস্ফোরক রবি চৌধুরী

দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
জানা যায়, সেই সময়ে অ্যালবামটি প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করেছিল। অথচ ক্যারিয়ারের প্রথম গানটি রেকর্ড করতে নিজের শখের স্বর্ণের আংটি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল রবিকে। তবে সেই কষ্টের দিন রাতারাতি বদলে যায় এই শিল্পীর। প্রথম অ্যালবামটি বিপুল সাড়া জাগানোর পর একের পর এক অডিও প্রযোজনা সংস্থা তার অ্যালবাম প্রকাশের জন্য আগ্রহী হয়ে ওঠে। অ্যালবাম হিটের পাশাপাশি দেশ-বিদেশে বাড়তে থাকে তার স্টেজ শোর ব্যস্ততাও।
ক্যারিয়ারে এতটা সফল এই মানুষটি নিজের জীবনের কোন ঘটনাটিকে সবচেয়ে বড় ভুল হিসেবে দেখেন? সম্প্রতি এশিয়া পোস্টের সেলিব্রিটি শো ‘এপি স্টার’-এ এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রবি চৌধুরী। জবাবে সোজাসাপ্টা উত্তরে এই গায়ক বলেন, ‘আমার প্রথম বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে আমি সেই অতীতকে পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটি তো আর সম্ভব না। তাই সেই পচা অতীত নিয়ে এখন আর কথা না বলাই ভালো।’
নব্বইয়ের দশকের শেষভাগে ভালোবেসে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীকে বিয়ে করেছিলেন রবি চৌধুরী। ২০০০ সালের দিকে একসঙ্গে বেশকিছু দ্বৈত গানে কণ্ঠ দেন তারা। কাজের সূত্র ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দাম্পত্য কলহের জেরে দ্রুতই ভেঙে যায় সেই সংসার। বিচ্ছেদের পর রবি চৌধুরীর কণ্ঠে ‘কাল নাগিনী’ গানটি বিভিন্ন স্টেজ শোতে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘ঘুরাও দু নয়ন’ অ্যালবামের এই গানটি কি প্রাক্তন স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ করেই তৈরি করা হয়েছিল?অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে রবি চৌধুরী রহস্য রেখে বলেন, ‘সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে গেয়েছিলাম, তা আর এখন না-ই বলি।’
.png)





