logo

অরিজিতের ফিরে আসার প্রত্যাশা প্রীতমের

অরিজিতের ফিরে আসার প্রত্যাশা প্রীতমের
অরিজিৎ সিং ও প্রীতম। ছবি: সংগৃহীত

এ বছরের শুরুর দিকে হঠাৎ প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দেন অরিজিৎ সিং। তুমুল জনপ্রিয় এই গায়ক একঘেয়েমি থেকে পরিত্রাণ পেতে অবসরের সিদ্ধান্ত নেন বলে জানান। কেন অরিজিৎ হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিলেন—এ নিয়ে ছিল ধোঁয়াশা। সেই রহস্যের জট খুললেন তার দীর্ঘদিনের সহকর্মী ও সুরকার প্রীতম।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছেন, অরিজিতের এই আচমকা অবসরের ঘোষণার নেপথ্যে জড়িয়ে আছে খোদ প্রীতমেরই অবসর পরিকল্পনা!

ওই সাক্ষাৎকারে সুরকার প্রীতম কয়েক মাস ধরে বিরতি নেওয়ার কথা ভাবছেন বলে জানান।

পড়াশোনার জন্য বিদেশগামী সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নেন তিনি। অরিজিতের সঙ্গে অবসরের বিষয়ে বেশ কয়েকবার আলাপও হয়েছিল তার।

প্রীতম জানান, প্রায় এক বছর তার মুখে অবসরের কথা শুনছিলেন অরিজিৎ। একদিন অরিজিৎ বলেই ফেলেন, ‘আপনার সঙ্গে আমিও অবসর নেব।’ ঠিক পরদিনই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেন গায়ক।

তবে অরিজিতের এ ‘অবসর’কে আলাদাভাবে দেখছেন প্রীতম। অরিজিতের ফিরে আসার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন,‘ কোনো শিল্পীই আসলে চিরতরে বিদায় নেন না, তারা কেবল বিরতি চান। অরিজিতের ওপর চাপ ছিল। সে ক্লান্ত হয়ে পড়েছিল। একটু সময় নিয়ে সে ঠিকই ফিরে আসবে।’

অরিজিতের অবসরের সিদ্ধান্তে অনুরাগীরা আশাহত হলেও, প্রীতমের কথা তাদের নতুন করে আশার আলো দেখাচ্ছে।