কনসার্টে বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় হানি সিং

বিতর্ক পিছু ছাড়ছে না বলিউডের জনপ্রিয় র্যাপার ও গায়ক হানি সিংয়ের। কনসার্টে অশালীন মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে মহারাষ্ট্র সাইবারে হাজির হননি তিনি। বরং প্রতিনিধি পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও কিছুটা সময় চেয়েছেন এই গায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৫ অক্টোবর) মহারাষ্ট্র সাইবারে হানি সিংয়ের হাজির হওয়ার কথা ছিল। দিল্লির একটি কনসার্টে তার কথিত আপত্তিকর মন্তব্যের বিষয়ে বক্তব্য রেকর্ড করার জন্য তাকে এই সমন পাঠানো হয়।
মহারাষ্ট্র সাইবারের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, হানি সিংয়ের পক্ষ থেকে আরও সময় চেয়ে আবেদন করা হয়েছে। এর আগে একই বিষয়ে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। ফলে এবারের নোটিশকে কার্যত চূড়ান্ত হিসেবেই দেখা হচ্ছিল।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। দিল্লিতে গায়ক নানকু ও করুণের একটি কনসার্টে অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করেন হানি সিং। অনুষ্ঠানের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দিল্লির তীব্র শীতের প্রসঙ্গ টেনে দর্শকদের উদ্দেশে যৌন সম্পর্ক নিয়ে অশালীন ভাষায় কথা বলতে শোনা যায় তাকে। একইসঙ্গে নিরাপদ যৌন সম্পর্কের জন্য কনডম ব্যবহারের কথাও বলেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকেই প্রকাশ্য মঞ্চে এ ধরনের ভাষা ব্যবহারের সমালোচনা করেন। বিষয়টি পরে অভিযোগ ও আইনি প্রক্রিয়ার দিকে গড়ায়।
সমালোচনার মুখে জানুয়ারিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় ক্ষমা চান হানি সিং। তার দাবি ছিল, তরুণ প্রজন্মকে নিরাপদ যৌন সম্পর্কের বিষয়ে সচেতন করাই তার উদ্দেশ্য ছিল। তবে নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করলেও ব্যবহৃত ভাষা যে অনেকের কাছে আপত্তিকর লেগেছে, তা স্বীকার করেন এই গায়ক। ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে অভিযোগের তদন্ত এখনো চলছে। নির্ধারিত দিনে হানি সিং হাজির না হওয়ায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মহারাষ্ট্র সাইবারের পক্ষ থেকে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানা গেছে। তবে নতুন করে জিজ্ঞাসাবাদের তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া