শুভ জন্মদিন জেমস

সংগীতের জন্য ঘর ছেড়েছিলেন, এরপর কয়েকটি প্রজন্ম তাকে আপন করে নিল। পেছন ফিরে আর তাকাতে হলো না তাকে। এরপর প্রিয় শ্রোতাদের একের পর এক উপহার দিতে থাকলেন কালজয়ী সব গান। তারপর অনুসারীরা তাকে ‘গুরু’ বলে ভালোবাসা জানাতে থাকল। আজ ২ অক্টোবর, এই কিংবদন্তি ব্যান্ড শিল্পীর জন্মদিন।
জেমসের জন্ম উত্তরের জেলা নওগাঁয় ১৯৬৪ সালে। তবে বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখান থেকেই পরিবার ছাড়েন তিনি। সংগীত সঙ্গে নিয়ে চলে যান আজিজ বোর্ডিংয়ে। এরপর উপহার দিতে থাকেন ‘জেল থেকে বলছি’, ‘লেইস ফিতা লেইস’, ‘বাবা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বেহাগ’ ও ‘মা’-এর মতো সব গান। যে গানগুলো আজও প্রতিটি শ্রোতা হৃদয় দিয়ে ভালোবাসেন।
জেমসের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠনের মধ্য দিয়ে। এরপর ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’-সহ একাধিক অ্যালবাম। পরবর্তীতে এই ‘ফিলিংস’-এর নাম বদলে রাখা হয় ‘নগর বাউল’।
জেমসের জনপ্রিয়তা দেশের বাইরেও ছড়িয়ে আছে। তিনি বিশ্বের দ্বিতীয় সিনে ইন্ডাস্ট্রি বলিউডেও গান করেছেন। বাংলা সিনেমার গানেও অবদান রাখা এই কিংবদন্তি কয়েক যুগ ধরে নিজের জনপ্রিয়তা এককভাবে ধরে রেখেছেন। তাই তার কাছে জন্মদিন শুধু একটি দিন হলেও দুষ্টু ছেলেদের কাছে এই দিনটি শুধুই তাকে ভালোবাসার।