কোক স্টুডিও বাংলায় অপূর্ণ ভালোবাসার গল্পে ‘মথুরা’

অপূর্ণ ভালোবাসার গল্প নতুন করে সুরে তুলে ধরেছে কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর পঞ্চম গান হিসেবে প্রকাশ পেয়েছে ‘মথুরা’। সেমি-ক্লাসিক্যাল ঘরানার এই গানে উঠে এসেছে এমন এক সম্পর্কের কথা, যেখানে ভালোবাসা থাকলেও শেষ পর্যন্ত একসঙ্গে পথ চলা হয়ে ওঠে না।
জীবনের পথে পাশাপাশি থেকেও কখনো কখনো দুটি মানুষ আলাদা হয়ে যায়। তাদের মধ্যে থেকে যায় না-বলা কথা, অপেক্ষা আর এক ধরনের অপূর্ণতা। ‘মথুরা’ সেই অনুভূতিকেই গানের ভাষায় প্রকাশ করেছে।
রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো চিরচেনা প্রেমের গল্পে যে বিরহ ও আকুলতা বারবার ফিরে আসে, ‘মথুরা’তেও পাওয়া যায় তারই ছায়া। ভালোবাসার মানুষকে পাওয়া না গেলেও সেই অনুভূতি যে স্মৃতি ও সুরের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, গানের কথায় উঠে এসেছে সেই ভাবনা।
‘মথুরা’র কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায়। গানটিতে অঙ্কনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। দুই শিল্পীর কণ্ঠে গানটির আবেগ আরও গভীর হয়ে উঠেছে বলে মনে করছেন শ্রোতারা।
গানটির মূল আবহজুড়ে রয়েছে বিচ্ছেদের অনুভূতি। সম্পর্কের গল্প শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায়- ‘মথুরা’ যেন সেই রেশটুকুই ধরে রাখতে চেয়েছে। বাস্তব জীবনে যে ভালোবাসার পরিণতি হয়নি, সেটিই কখনো কখনো স্মৃতিতে সবচেয়ে বেশি জায়গা করে নেয়।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘মথুরা’। গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে কোক স্টুডিও বাংলার এবারের আয়োজন নিয়ে।