কবর যত পুরাতন হবে, প্রিয় স্বজনরা জিয়ারত তত কমিয়ে দেবে: কুদ্দুস বয়াতি

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ‘এই দিন দিন না আরও দিন আছে’- গানটি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পান। এরপর গেয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। নানা সময়ে নানা কারণে আলোচনায় এসেছেন কুদ্দুস বয়াতি।
বর্তমানে গানের জগতে বিচরণ কম হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় খ্যাতিমান এই লোকসংগীতশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ইস্যুতে পোস্ট করতে দেখা যায় তাকে। বিভিন্ন প্রবাদ ও উপদেশমূলক কথাও লেখেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি কথা বললেন কবর নিয়ে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুদ্দুস বয়াতী লিখেছেন, কবর যত পুরাতন হবে, প্রিয় স্বজনরা জিয়ারত তত কমিয়ে দেবে, এমন একটা সময় আসবে যে পৃথিবীতে আপনি নামে একজন ছিলেন কেউ জানবেই না।
স্ট্যাটাসটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন, এটি জীবনের কঠিন সত্য, আবার কেউ মনে করছেন—এ ধরনের ভাবনা মানুষকে আরও সচেতন ও মানবিক হতে শেখায়।
কুদ্দুস বয়াতী শৈশব থেকেই গান-বাজনার অনুরাগী। দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইসহ অনেক ধরনের পালাগানের আসর মাতান। তবে ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না আরও দিন আছে’ শিরোনামে গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কুদ্দুস বয়াতি। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গানটি গেয়েছিলেন তিনি।
এরপর আর পিছে তাকাতে হয়নি কুদ্দুস বয়াতিকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ও দেশবাসীকে সচেতন করতে কাজ করেছেন তিনি। ‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামে গানের মাধ্যমে জনগণকে সচেতন করতে কাজ করছেন এ লোকসংগীতশিল্পী। তিনি বিশ্বের অনেক দেশে গান গেয়ে বাংলা ভাষাভাষী মানুষের মন জয় করেছেন।