নতুন ধারায় কোক স্টুডিও পাকিস্তান

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীত আয়োজন ‘কোক স্টুডিও পাকিস্তান’ এবার প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন এক সংগীতভুবন তৈরি করতে যাচ্ছে। নতুন প্রজন্মের শিল্পী, সংগীত প্রযোজক ও সৃজনশীলদের স্বাধীনভাবে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ দিতে ‘নু.ওয়েভ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করছে তারা। আগামী সেপ্টেম্বর থেকে এই উদ্যোগের প্রথম ধাপের ছয়টি গান পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
‘নু.ওয়েভ’ পরিচালিত হচ্ছে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কোক স্টুডিওর নিয়মিত সহযোগী কামাল খানের নির্বাহী প্রযোজনায়। তবে প্রচলিত কোক স্টুডিওর মতো এখানে একটি নির্দিষ্ট সৃজনশীল নেতৃত্ব বা নির্ধারিত সংগীত কাঠামো অনুসরণ করা হচ্ছে না। বরং শিল্পী ও প্রযোজকদের নিজেদের স্বতন্ত্র সংগীতভাষা, ভাবনা ও সৃজনশীল জগৎ তৈরির স্বাধীনতা দেওয়া হচ্ছে।
এই উদ্যোগে সংগীতের পাশাপাশি চলচ্চিত্র, নকশা ও দৃশ্যভিত্তিক গল্প বলার সঙ্গে যুক্ত স্রষ্টাদেরও যুক্ত করা হয়েছে। বিশেষ করে স্বাধীনভাবে গান প্রকাশ, ঘরোয়া স্টুডিওতে সংগীত তৈরি এবং ডিজিটাল মাধ্যমে নিজেদের শ্রোতা তৈরি করা নতুন প্রজন্মের শিল্পীদের সামনে আনার লক্ষ্যেই ‘নু.ওয়েভ’ সাজানো হয়েছে।
প্রথম ধাপে প্রকাশ পাবে ‘মাহেয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ এবং ‘অ্যায় দিওয়ানে দিল’- এই ছয়টি গান। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রতিটি গান পাকিস্তানি পরিচয়ের ভিন্ন একটি আবেগ ও অভিজ্ঞতাকে তুলে ধরবে। আকাঙ্ক্ষা থেকে নিজের মানুষের সঙ্গে সংযোগ-বিভিন্ন আবেগের মধ্য দিয়ে সমকালীন পাকিস্তানের একটি সংগীতচিত্র নির্মাণের চেষ্টা থাকবে এসব গানে।
এ আয়োজনের শিল্পী তালিকায় রয়েছেন আসিম আজহার, হাসান রহিম, শে গিল ও ইয়াং স্টানার্সের মতো পরিচিত নাম। পাশাপাশি আরিয়ান এসডিকিউ, আফুসিক, ইজ চুঘতাই, মানু, সাবাত বাতিন ও জোহা ওয়াসিমের মতো উদীয়মান শিল্পীরাও যুক্ত হয়েছেন। অর্থাৎ প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে নতুন প্রজন্মের কণ্ঠকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হয়েছে।
‘নু.ওয়েভ’-এর সংগীতের স্বতন্ত্র আবহ তৈরিতে কাজ করছেন আবদুল্লাহ কাসুম্বি, আলী সুমরো, জোখায়, রভালিও, তালাল কুরেশি ও উমায়ের। ভিন্ন ভিন্ন প্রযোজকের অংশগ্রহণের ফলে প্রতিটি গানের নিজস্ব শব্দ ও সৃজনশীল পরিচয় গড়ে উঠবে বলে জানিয়েছে আয়োজকরা।
নতুন এই উদ্যোগের জন্য সারা পাকিস্তান থেকে ডিজিটাল মাধ্যমে শিল্পী ও স্রষ্টাদের কাজ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। গান, নাচসহ বিভিন্ন সৃজনশীল বিভাগে হাজার হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ‘নু.ওয়েভ’-এর শিল্পীদের নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতের জন্য আরও অনেক প্রতিশ্রুতিশীল স্রষ্টার সন্ধান পেয়েছে কোক স্টুডিও।
প্রায় দুই দশকের যাত্রায় কোক স্টুডিও পাকিস্তান ১৫টি মৌসুমে প্রায় ৩৫০টি গান প্রকাশ করেছে। পাকিস্তানি সংগীত ও সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আয়োজনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার সেই দীর্ঘ অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই নতুন প্রজন্মের স্বাধীন সংগীতচর্চাকে আরও বড় পরিসরে তুলে ধরতে ‘নু.ওয়েভ’ চালু করা হচ্ছে।
সূত্র: পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’


