অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গান গেয়ে বিশ্বজনমত গড়ে তোলা কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের এই দিনে ৫৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৭১ সালের ১ আগস্ট পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ঐতিহাসিক কনসার্টে ‘বাংলাদেশ’ গানটি পরিবেশন করে শরণার্থীদের দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন হ্যারিসন। কনসার্ট থেকে সংগৃহীত প্রায় আড়াই লাখ মার্কিন ডলার বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত মানুষ ও শরণার্থীদের সহায়তায় ব্যয় হয়। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন জর্জ হ্যারিসন। বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর সদস্য হিসেবে ‘সামথিং’, ‘হিয়ার কামস দ্য সান’ ও ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’-এর মতো কালজয়ী গান উপহার দেন তিনি। ব্যান্ড ভেঙে যাওয়ার পর একক শিল্পী হিসেবে তার ‘মাই সুইট লর্ড’ ও ‘গট মাই মাইন্ড সেট অন ইউ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
হ্যারিসনের মৃত্যুর পরও তার স্ত্রী অলিভিয়া হ্যারিসন ‘জর্জ হ্যারিসন ফান্ড ফর ইউনিসেফ’-এর মাধ্যমে বাংলাদেশে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ ছাড়া ২০২৪ সালের ৯ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ উন্মুক্ত হওয়ার মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে গেছে একাত্তরে বিশ্বমানবতার সংহতির এই ইতিহাস।
