বিটিএসের প্রথম মিউজিক ভিডিও ‘সুইম’ প্রকাশ

কে-পপ সংগীতের সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড দল বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম 'আরিরাং' প্রকাশ করল। শুক্রবার (২০ মার্চ) মেগাস্টার বিটিএস তাদের নতুন অ্যালবামের ‘সুইম’ গানটির মিউজিক ভিডিও দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করেছে।
বিটিএসের মিউজিক ভিডিওর জন্য ভক্তরা প্রায় চার বছর ধরে অপেক্ষায় ছিলেন। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হলো। দলটি তাদের প্রথম মিউজিক ভিডিও দিয়ে ভক্তদের চমকে দিয়েছে। গানটিতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী লিলি রাইনহার্ট। 'রিভারডেল' সিরিজ দিয়ে লিলি রাইনহার্ট দর্শকহৃদয় জয় করে নেন।
তানু মুইনোর পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওটিতে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাং কুককে গভীর সমুদ্রে পাল তুলে যাত্রা করতে দেখা যায়। গভীর সমুদ্রে একদল ছেলের এগিয়ে চলার পথে সঙ্গী হয় লিলির একটি হৃদয়স্পর্শী নাচ।‘বাটার’ ও ‘পারমিশন টু ড্যান্স’-এর মতোই ইংরেজি ভাষায় 'সুইম' গানটিতে রয়েছে মর্মস্পর্শী পঙক্তি ও আরএম-এর একটি র্যাপ।
বিটিএসের নতুন অ্যালবামে রয়েছে ১৪টি নতুন গান। অ্যালবামটির নামকরণ করা হয়েছে একটি কোরিয়ান লোকগানের নামে। লোকগানটিকে দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সংগীত হিসেবে বিবেচনা করা হয়।
সিউলের প্রাণকেন্দ্রে বিটিএসের ওপেন এয়ার কামব্যাক কনসার্টের এক দিন আগে অ্যালবামটি প্রকাশ করা হলো। ২১ মার্চের কনসার্টটিতে তিন লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রায় চার বছরের বিরতির পর এটিই হবে বিটিএসের প্রথম কনসার্ট।