মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন গান

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা নতুন গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের রোমান্টিক গানটির সংগীতচিত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে। লোকজ শব্দ ও সুরের আবহে সাজানো গানটিতে উঠে এসেছে প্রেম, সৌন্দর্য এবং প্রিয় মানুষের প্রতি মুগ্ধতার অনুভূতি।
প্রিয় মানুষের রূপ-সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের আবেগময় অনুভূতি ফুটে উঠেছে গানটির কথায়। সহজ-সরল লোকজ শব্দের ব্যবহারে গানে তৈরি হয়েছে মাটির কাছাকাছি এক মায়াবী আবহ। গানটির কয়েকটি পঙ্ক্তি এমন- ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’
গানটির সংগীতচিত্র প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। একই নামের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে গানটির অডিও।
বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে দীর্ঘদিন ধরে সৃষ্টিশীল কাজ করে আসছেন মাহবুবুল খালিদ। প্রেম, প্রকৃতি, মানবিকতা, সামাজিক অসংগতি ও সমকালীন নানা ঘটনা তার গানের অন্যতম উপজীব্য। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার লেখা পাঁচ শতাধিক গান। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা। নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’-এর ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার নতুন গান।
মাহবুবুল খালিদের সৃষ্টিতে প্রেম ও ভালোবাসার পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে সামাজিক অসংগতি, মানবিক সংকট এবং আলোচিত নানা ঘটনা। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’ গানটি। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা উঠে এসেছে তার ‘ফেলানীরে করল গুলি’ গানে। এ ছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে তার ‘মাগুরার ফুল’ গানটি। সাম্প্রতিক সময়ে আলোচিত আরেকটি ঘটনা নিয়ে লিখেছেন ‘রামিসার বিচার’ শিরোনামের গান।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানবিক সংকটও জায়গা করে নিয়েছে তার সৃষ্টিতে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা গানগুলোতে উঠে এসেছে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা।
প্রেমের গান থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতার বিষয়- বিভিন্ন ধারার গানে বৈচিত্র্যময় সৃষ্টির স্বাক্ষর রেখেছেন মাহবুবুল খালিদ। সেই ধারাবাহিকতায় এবার তার কথায় আসিফ আকবরের কণ্ঠে প্রকাশ পেল লোকজ প্রেমের গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’।